২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার দরকার ৭ উইকেট, পাকিস্তানের ২৫২ রান

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৪২২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিন শেষে পাকিস্তান ৩ উইকেটে করেছে ১৭০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

মেলবোর্ন, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৪২২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিন শেষে পাকিস্তান ৩ উইকেটে করেছে ১৭০। তাই জেতার জন্য পাকিস্তানকে করতে হবে আরো ২৫২ রান। আর অস্ট্রেলিয়ার দরকার ৭ উইকেট। এর আগে শেন ওয়াটসনের অপরাজিত প্রথম টেস্ট সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে দুই ইনিংস মিলে তারা এগিয়ে যায় ৪২১ রানে। এর আগে টেস্ট ক্রিকেটে ৪২২ রান তাড়া করে কোনো দল ম্যাচ জেতেনি। তাই এই ম্যাচ পাকিস্তান জিতলে তা হবে একটি রেকর্ড। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সেন্ট জোন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে ৪১৮ রান করে ম্যাচ জিতে নিয়েছিল। এখন উইকেটে আছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ৪৫ রান নিয়ে। এছাড়া উমর আকমল অপরাজিত রয়েছেন ২৭ রানে। এর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার ৩ উইকেটে ১১১ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু একমাত্র উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ছাড়া সুবিধা করতে পারেননি বাকি পাঁচ অসি ব্যাটসম্যান। দলের রানের সঙ্গে তারা যোগ করেন মাত্র ১১৪। ওয়াটসন ৬৪ রান নিয়ে খেলা শুরু করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২০ রানে। তার হার না মানা এই ইনিংসে দশটি চার ও একটি ছক্কা রয়েছে। এছাড়া মাইকেল ক্লার্ক ৯০ বলে করেন ৩৭ ও মিচেল জনসন করেন ২২ রান। পাকিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ আমের ৫ উইকেট নেন ৭৯ রানে। অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া বিশাল রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা লড়ছেন জানবাজি রেখে। মাত্র ১৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফারহাতকে (১২) হারালেও অপর উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট ও ওয়ানডাউন ফয়সল ইকবাল দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ রান তুলে দলকে এগিয়ে নেন অনেকখানি। দলীয় ৮০ রানের মাথায় ৩৩ রান করে জনসনের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন সালমান। ৪৮ রান করে ১১৬ রানের মাথায় ফয়সল ইকবাল নাথান হরিটজের বলে বোল্ড হলে দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও উমর আকমল। অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নেন ডোগ বোলিঙ্গার, নাথান হরিটজ ও মিচেল জনসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০১৪ ঘ.