ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশে নিরাপত্তা খতিয়ে দেখছে শ্রীলঙ্কা। সোমবার লঙ্কান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল লরেন্স ফার্নান্দো মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তার দিকগুলো পর্যবেক্ষণ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি শ্রীলঙ্কার এই সেনা কর্মকর্তাকে স্টেডিয়াম ঘুরিয়ে দেখান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি ববি বলেন,'পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে তাদের বোর্ড নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে। অন্য কোনো কারণে তারা নিরাপত্তা উপদেষ্টাকে আমাদের দেশে পাঠায়নি।'
শুধু মাঠই নয়, হোটেল সোনারগাঁও থেকে মাঠে যাওয়ার রাস্তা এবং আশপাশের পরিবেশও দেখেছেন ফার্নান্দো। সাজ্জাদুল আলম জানান, নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে আরো তিন দিন ঢাকায় অবস্থান করবেন ফার্নান্দো। এ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ প্রশাসন, বিসিবির নিরাপত্তা কমিটি ও বাংলাদেশে অবস্থানরত শ্রীলঙ্কা হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০০০৭ ঘ.
bdnews24