ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার প্রস্তুতি ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দলের কাছে হেরেছে সাকিব আল হাসানের দল। সোমবার সাকিবের বাংলাদেশ লাল দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনে মাশরাফির সবুজ দল।
৩৫ ওভারের ম্যাচে ৬ উইকেটে ২৮৯ রান তোলে লাল দল। শুরুতেই মাশরাফির আঘাত। প্রায় দেড় মাস পর খেলতে নামা ওপেনার তামিম ইকবাল বোলারদের ওপর চড়াও হওয়ার আগেই মাশরাফির বলে বোল্ড। পরের জুটিকে আলাদা করা অবশ্য সম্ভব হয়নি। ইমরুল কায়েস আর আশরাফুল দলকে ১১৯ রানে পৌঁছে দেয়ার পর দু'জনই অবসর নেন। ৮টি চার ও তিনটি ছক্কার সহায়তায় ৫৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন আশরাফুল। ইমরুল ৪৪ রানের ইনিংসটি সাজিয়েছেন ৫টি চার ও ১টি ছয়ের মারে।
তারপর রকিবুলের সঙ্গে জুটি বাঁধতে এসে প্রথম বলেই মাশরাফিকে ফিরতি ক্যাচ দিয়ে দেন সাকিব। দ্বিতীয় উইকেট পাওয়ায় মাশরাফির খুশি হওয়ারই কথা কিন্তু কোচ জেমি সিডন্স সাকিবকে সাজ ঘরে না ফিরিয়ে আবার ব্যাট করার সুযোগ দেন। সেই সুযোগে ৩৩ রান তোলেন এবং অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের সহ-অধিনায়ক। তারপরও রকিবুল ৪৩, নাঈম ইসলাম ৩০ ও মেহরাব হোসেন ৩৩ রান করায় বড় স্কোর পেয়ে যায় লাল দল।
জবাবে সবুজ দলও আগ্রাসী ব্যাটিংয়ে নাকাল করতে থাকে লাল দলের বোলারদের। শাহরিয়ার নাফিস ৪৪ আর জুনায়েদ সিদ্দিকী আউট হন ৩৩ রান করে। এরপর আফতাব আহমেদ ১ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১৭ রানে বিদায় নিলেও মুশফিকুর রহিম আর অলক কাপালি দারুণ এক ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের কাছাকাছি। তাদের পঞ্চম উইকেট জুটিতে ওঠে ১৩৯ রান। ৭টি চার ও ৪টি ছক্কা মিলিয়ে ৪২ বলে ৮৩ রান তুলে আশরাফুলের বলে সাহাদাতের হাতে ক্যাচ দেন অলক কাপালি।
জয়ের জন্য তখনো ২৭ বলে ৬০ রান দরকার। দলকে জয়ের কাছা-কাছি পৌঁছে দিয়ে ৪৮ বলে ৮৭ রান করে আউট হন মুশফিক। ছয় ছক্কা ও ছয়টি চারের মার ছিল তার ইনিংসে। অলক, মুশফিকদের সময়োপযোগী ব্যাটিংয়ে ৩৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯০ রানের লক্ষ্যে পৌঁছে যায় সবুজ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৩৪ ঘ.
bdnews24