ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সাল দারুণ কাটলো আমার জন্য। যতটা আশা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি এ বছর। আমার ক্রিকেট ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে বছরটি।
এ বছর এক একটা ধাপ পেরোনোর পরই মনে হয়েছে আরো সাফল্য অপেক্ষা করছে আমার জন্য। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা অল-রাউন্ডারের স্বীকৃতি পেলাম। বিশ্ব টেস্ট একাদশে জায়গা পেলাম। এরপর উইজডেন ক্রিকেটার ম্যাগাজিনের বর্ষ সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতা... সব যেন স্বপ্নের মতো লাগছে। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এই অর্জনগুলো সত্যিই আমার জন্য গর্বের। অবশ্য স্বতীর্থ ক্রিকেটারদের প্রেরণা এবং সহযোগিতার ফলে আমার এ অর্জন সম্ভব হয়েছে। সুতরাং তারাও আমার সাফল্যের অংশীদার।
এ বছর আমি ইংলিশ কাউন্ট্রি লিগের দল উস্টারশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সেখানে ভালো খেলতে পারলে দেশের অন্যদের জন্যও সুযোগ তৈরি হবে। টেস্ট অলরাউন্ডার হিসেবেও শীর্ষ দশ জনের মধ্যে ছিলাম। এ অর্জনটাও বেশ গর্বের, তবে শীর্ষ স্থান পেলে আরো ভালো লাগতো। ভবিষ্যতে ওপরের দিকে ওঠারই চেষ্টা করবো।
ব্যক্তিগত এই অর্জনগুলোর চেয়েও দলের সাফল্য আমার কাছে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতা, জিম্বাবুয়েকে পর পর দুই সিরিজে হারাতে পেরেছি। আমার ব্যক্তিগত পুরস্কারের পেছনে দলের এই সাফল্যই কিন্তু বড় ভূমিকা রেখেছে।
জানি, মানুষের সব আশা পূরণ হয় না। ইচ্ছে ছিল, আবাহনীকে লিগ শিরোপা উপহার দেবো। কিন্তু শেষ ম্যাচটা হেরে গেলাম দুর্ভাগ্যজনকভাবে। দারুণ একটা ম্যাচ হয়েছে। কিন্তু শেষ পরিণাম তো এই, আমরা হেরেছি এবং লিগ শেষ করেছি তিন নম্বর হয়ে। সমর্থকদের কথা ভেবে খারাপই লাগে। কত আশা নিয়ে তারা মাঠে এসেছিলেন। তবে কথা দিচ্ছি, ভবিষ্যতে তাদের কষ্ট ভোলানোর চেষ্টা করবো।
মানুষ যত ওপরে ওঠে তার কাছে দেশের প্রত্যাশা ততই বাড়তে থাকে। দেশের মানুষ আশা করে আমি সবসময় ভালো খেলবো। স্বতীর্থ ক্রিকেটারদেরও হয়তো প্রত্যাশা থাকে নিয়মিত পারফর্ম করে আমি দলকে সাফল্য এনে দেবো। সবার এই প্রত্যাশার কারণে দিনে দিনে আমার দায়িত্ববোধও বেড়ে যাচ্ছে। আমি জানি, কোনোভাবেই হাল ছাড়া যাবে না।
২০১০ সাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে। জানুয়ারির শুরু থেকেই ক্রিকেট পরাশক্তিদের মুখোমুখি হওয়া শুরু। জুলাই মাসের আগে বিশ্রাম নেই। আগামী ছয়-সাত মাসেই বোঝা যাবে আমরা কতটা উন্নতি করেছি। সোজা কথা হলো, আগামী বছরটা আমাদের জন্য আসল পরীক্ষার বছর। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে ধারাবাহিক হওয়া। ভালো খেলতে পারলে সাফল্য আসবেই।
আমি কখনো হুট করে কিছু পেতে চাই না, সবসময় আমি ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পক্ষে। তাছাড়া হুট করে কিছু করার লক্ষ্যে একসঙ্গে অনেক পরিকল্পনা হাতে নিলে বেশির ভাগ ক্ষেত্রেই ফল সুখকর হয় না। ক্রিকেট আমার ধ্যানজ্ঞান। একদিন ক্রিকেট না খেললে মনে হয় আমার জীবন থেকে কী যেন হারিয়ে গেছে। আমার বিশ্বাস এই মানসিকতাই আমাকে সফল হতে অনুপ্রাণিত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২৬ ঘ.
bdnews24