ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেটে রোববার জয় পেয়েছে শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও রসুলপুর উচ্চ বিদ্যালয়।
জহুরুল ইসলামের ৫৮, তৌহিদ একরামের ৫৭ ও সাজিব রহমানের ৪৪ রানের সুবাদে ৯ উইকেটে ২৪৭ রান করে শের-ই-বাংলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়। নজরুল ইসলাম ৪টি ও মুজাহিদুল ইসলাম ৩টি উইকেট নেন। জবাবে জীবন হোসেনের ৫৭, সাজ্জাদ আহমেদের ৫০ ও ফরহাদ আহমেদের ৪৯ রানের ওপর ভর করে ৩ উইকেটে জয় তুলে নেয় শেরে বাংলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ৫০ রান দিয়ে ৫ উইকেট নেন শের-ই-বাংলা আইডিয়ালের সাদ্দাম হোসেন।
সাতক্ষীরা স্টেডিয়ামে শামিম সুলতান ৪টি ও আব্দুর রহমান ৩টি উইকেট নিলে রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ইনিংস গুটিয়ে যায় ১২৯ রানে। সর্বোচ্চ ৩৩ রান করেন বিল্লাল হোসেন। এরপর ব্যাট করতে নেমে পোল স্টার পোড়া হাই স্কুলের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি রসুলপুর উচ্চ বিদ্যালয়ের বোলারদের সামনে। অল-আউট হন মাত্র ৪৯ রানে। হাবিবুর রহমান ১৫ রানের ৫টি ও ওয়াহিদুজ্জামান ১০ রানে ৩টি উইকেট নিলে ৮০ রানে জয় পায় রুসুলপুর উচ্চ বিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এসএ/টিআর/২২০৬ ঘ.
bdnews24