মেলবোর্ন, ২৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শনিবার মেলবোর্নে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। বক্সিং ডে-তে শুরু হতে যাওয়াতিন ম্যাচ সিরিজের এই প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকেই খানিকটা এগিয়ে রাখতে হচ্ছে দুটো কারণে, প্রথমত, স্বাগতিক হওয়ার সমস্ত সুবিধা থাকছে রিকি পন্টিংয়ের দলের পক্ষে, দ্বিতীয়ত, সদ্যসমাপ্ত ৩ ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্টইন্ডিজকে ২-০ তে হারিয়ে ভালো ফর্মের প্রমান রেখেছে তারা। ফর্ম অবশ্য পাকিস্তানেরও খারাপ নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১-এ ড্র করেই অস্ট্রেলিয়া জয় করতে এসেছে মোহাম্মদ ইউসুফের দল।
এই ম্যাচের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) তে নিজেদের অতীত রেকর্ডও আত্মবিশ্বাসী করবে অস্ট্রেলিয়াকে। এখানে টানা ৯ টি টেস্ট জয়ের পর গত গ্রীষ্মেই শুধু দক্ষিন আফ্রিকার কাছে হেরেছে তারা। অন্যদিকে পাকিস্তান এখানে ৮ টি টেস্ট খেলে জিতেছে দুটিতে। জয় দুটো এসেছিল অনেক আগে - সেই ১৯৭৮ ও ১৯৮১ সালে।
তবে রেকর্ড যা-ই বলুক, এ সিরিজে আসল পরীক্ষাটা হবে দুই দলের বোলিং আক্রমণের। একদিকে যেমন ডগ বোলিংগার, পিটার সিডল ও মিচেল জনসন আছেন অস্ট্রেলিয়া দলে, অন্যদিকে পাকিস্তানেরও আছে মোহম্মদ আমের, উমর গুল ও মোহাম্মদ আসিফের মতো পেসার। ম্যাচের গতিবিধি বদলে দেয়ার জন্য সময়মতো এদের যে কোনো একজনের জ্বলে ওঠাই যথেষ্ট।
পাকিস্তান অবশ্য তাদের স্পিন আক্রমন নিয়েই বেশ আশাবাদী। দানিশ কানেরিয়া ও সৈয়দ আজমল এখন দারুণ ফর্মে। স্পিন আক্রমনে অস্ট্রেলিয়ার চেয়ে পাকিস্তান যে খানিকটা এগিয়ে তা মানতেই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২১১০ ঘ.
bdnews24