ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ট্যান্ডার্ড চার্টার্ড অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে শনিবার থেকে। এবার দেশের ৫৬৭টি স্কুল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
ঢাকায় শনিবার টুর্নামেন্টের উদ্বোধন হলেও দেশের ৭২টি ভেন্যুতে একযোগে খেলা শুরু হবে জানুয়ারির শুরুতে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনটি ধাপে হবে খেলা। ৬৪ জেলায় প্রথম রাউন্ডের খেলা হবে লিগ ভিত্তিতে। চারটি করে দল নিয়ে এক একটি গ্র"প করা হয়েছে। লিগপর্ব শেষে জেলা চ্যাম্পিয়নদের নিয়ে হবে বিভাগীয় চ্যাম্পিয়ন বাছাই। তখন খেলা হবে নকআউট ভিত্তিতে। এরপর ছয় বিভাগীয় চ্যাম্পিয়ন দলের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন চ্যাম্পিয়ান ও রানার্সআপ দল নিয়ে হবে জাতীয় পর্ব। সেই পর্বেও খেলা হবে নকআউট ভিত্তিতে।
প্রায় তিন মাস ধরে চলবে খেলা। টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট স্পন্সর স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের কাছ থেকে এরই মধ্যে ৭৭ লাখ টাকা পেয়েছে বিসিবি। ৬ বছর স্কুল ক্রিকেটের স্পন্সর থাকবে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।
সংবাদ সম্মেলনে নিয়মিত স্কুল ক্রিকেট হলেও টুর্নামেন্টের গুণগত মান না বাড়ার জানতে চাইলে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জালাল আহমেদ চৌধুরী বলেন,'সারা দেশে এক যোগে শত শত স্কুল পর্যবেক্ষণ করা বিসিবির পক্ষে সম্ভব হয়নি। তবে এ বছর ঢাকার স্কুলগুলোকে যাচাই-বাছাই করা হয়েছে। যারা আমাদের দেয়া শর্ত পূরণ করেছে তারাই নাম নিবন্ধনের সুযোগ পেয়েছে। ভবিষ্যতে জেলার স্কুলগুলোকেও বিসিবির শর্ত পূরণ করতে হবে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩২৬ ঘ.
bdnews24