ডানেডিন, ২৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত চোটের কাছেই আত্মসমর্পন করলেন শেন বন্ড। টেস্ট ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন এই নিউজিল্যান্ড ফাস্ট বোলার। দেশের হয়ে এখন শুধু ওয়ানডে ও টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে দেখা যাবে তাকে।
এই বছরের শুরুতে আইসিএল (ইন্ডিয়ান ক্রিকেট লিগ) ছেড়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন বন্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্ল্যাক ক্যাপদের হয়ে যোগ দেন। এরপর ডানেডিনে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে তার দুর্দান্ত গতিতে নাস্তানবুদ করে টেস্ট ক্রিকেটে তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখেন। তলপেটের মাংসপেশীতে টান পড়ায় পরের দুই টেস্টের জন্য হয়ে যান দর্শক । শেষ পর্যন্ত দুই টেস্ট নয়, সারা জীবনের জন্যই টেস্ট ক্রিকেটে দর্শক হয়ে গেলেন বন্ড।
২০০১ সালে টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল তার। দীর্ঘ ৯ বছরের টেস্ট ক্যারিয়ারে চোটের কারণে মাত্র ১৮ টি টেস্ট খেলেছেন, উইকেট পেয়েছেন ৮৭ টি। চোটের কারণে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি দুর্দান্ত সিরিজের পর হাঁটুর চোটের কারণে ৯ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবারও নির্বাসনে চলে যান। বারবার চোটের কারণেই হয়তো, ক্ষোভে-দুঃখে ২০০৭ সালে আইসিএল-এ যোগ দেন। অঅনুমোদিতো এই টুর্নামেন্টে যোগ দেয়ায় নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেট থেকে। এরপরের গল্পটাতো আগেই বলা হয়েছে - ২০০৯ এ আর্ন্তজাতিক ক্রিকেটে ফিরে আসা এবং চোটের কারণে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বন্ড নিজেও কিছুটা হতাশ। তার কন্ঠেও ঝরেছে সেই হতাশা, 'এটি আমার জন্য বেশ কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ ক্রিকেটের আসল স্বত্তা হলো টেস্ট ক্রিকেট।'
' তবে আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকলেই হয়তো ওয়ানডে এবং টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে আমি নিয়মিত অংশগ্রহন করতে পারবো। দলকে এবং নিউজিল্যান্ড সমর্থকদের আমার এখনো অনেক কিছু দেয়ার বাকী আছে।'
অনেকের মতে, স্যার রিচার্ড হ্যাডলির পরে নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা বোলার হলেন শেন বন্ড। ১৮ টেস্টে ২২.০৯ গড়ে ৮৭ উইকেটের পরিসংখ্যানও সে কথাই বলে। শেন বন্ডকে টেস্ট ক্রিকেট থেকে হারানো নিঃসন্দেহে নিউজিল্যান্ড সমর্থকদের জন্য অনেক বেদনার, ক্রিকেট বিশ্বের জন্যেই কি তাই নয়?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৩১৫ ঘ.
bdnews24