২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না যুবরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে যুবরাজ সিংয়ের খেলার আশা শেষ। আঙ্গুলের চোটের কারণে বাকি দুই ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে যুবরাজ সিংয়ের খেলার আশা শেষ। আঙ্গুলের চোটের কারণে বাকি দুই ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে তাকে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারতের জন্য এটা বড় ধরনের দুঃসংবাদ। ২৪ ডিসেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে সিরিজের চতুর্থ ম্যাচে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও খেলছেন না। স্লো ওভার রেটের কারণে দু ম্যাচের নিষেধাজ্ঞা ঝুলছে তার ওপর। এ অবস্থায় ইডেন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করায় যুবরাজের বাঁ হাতি স্পিন এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের সহায়তা বড় বেশি আশা করেছিলেন অস্থায়ী অধিনায়ক বীরেন্দর শেবাগ। কিন্তু আঙ্গুলের চোট না সারায় আগেভাগেই সিরিজটা শেষ হয়ে গেল যুবরাজের জন্য। মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন। সে কারণে প্রথম দুটি ওয়ানডেতে বিশ্রামে রাখা হয় তাকে। পরের ম্যাচে দলে ফিরে ২৩ রান করলেও চতুর্থ ম্যাচের আগেই শোনা গেল দুঃসংবাদ। পুরোপুরি সেরে না উঠলে জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজেও দেখা যাবেনা যুবরাজ সিংকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২২০৭ ঘ.