ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ বলে খালেদ মাসুদের ব্যাট ছুঁয়ে বল সীমানা পেরোতেই প্যাভিলিয়ন থেকে এক ছুটে মাঠে ঢুকে পড়েন মোহামেডানের ক্রিকেটাররা। সমর্থকরাও নেমে আসেন গ্যালারি থেকে। একটু আগেও উৎসবের প্রস্তুতি নিতে থাকা আবাহনীর ক্রিকেটার,কর্মকর্তা, ভক্ত -- সবাই তখন ভেঙ্গে পড়েছেন হতাশায় হতাশায়। এমন এক ম্যাচ জিতেই আট বছরের অপেক্ষা ঘুচিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ শিরোপা জিতে নিয়েছে মোহামেডান। মোহামেডান অধিনায়ক খালেদ মাসুদ তখন উচ্ছসিত, বলছিলেন,'অনেক বছর পর ঢাকার ক্রিকেটের উত্তাপ পেলাম। এর আগে মাঝারি মানের দলের হয়ে লিগ শিরোপা জিতেছি কিন্তু এমন আনন্দ পাইনি।'
১ বলে ৪ রান করে অপারাজিত। অন্য সময় হলে খালেদ মাসুদের এ ইনিংস বলার মত কিছু মনে হতো না কারো কাছেই। কিন্তু শেষ বলে ওই একটি চারই যে শিরোপা এনে দিয়েছে মোহামেডানকে! যত ছোটই হোক ইনিংসটা তো স্মরণীয় হয়ে থাকবেই। খালেদ মাসুদের দৃষ্টিতে ঘরোয়া ক্রিকেটে সোমবারই ক্যারিয়ার সেরা ম্যাচ খেলেছেন। এ জয়কেও রাখছেন শীর্ষে। জাতীয় দলের সাবেক অধিনায়ক বললেন,'বাকি জীবন এই ম্যাচের কথা আমার মনে থাকবে। ঢাকা লিগে এমন জমজমাট ম্যাচ খুব কমই হয়।'
ম্যাচ জয়ের কৃতিত্ত্ব অবশ্য দলের ব্যাটসম্যানদেরই দিয়েছেন খালেদ মাসুদ, 'আশরাফুল, রিয়াদ, ফয়সাল হোসেন আর রানা নাভেদুল হাসান অসাধারণ ব্যাটিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।'
ওদিকে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় ভীষণ হতাশ আবাহনীর ক্রিকেটাররা। কোচ সারোয়ার ইমরান তরুণদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলেও সাকিব, রফিকসহ সিনিয়র ক্রিকেটাররা সাজঘর থেকে বেরোননি। অধিনায়কের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তো পাওয়া যায়ইনি, ফোনেও পাওয়া যায়নি সাকিব আল হাসানকে। শিরোপা হারিয়ে কতটা মনকষ্টে আছেন জাতীয় দলের অধিনায়ক সেটা বুঝতে কারো বাকি থাকার কথা নয়।
তবে কোচ সারোয়ার ইমরান বাস্তবতাকে মেনে নিয়েছেন। পরাজয়ের কারণ হিসেবে নিজেদের ভুলকেই বড় করে দেখছেন,'শেষ দিকে আমরা চাপ নিতে পারিনি। শেষ বলে যখন মোহামেডানের চার রান দরকার তখন ফিল্ডিং সাজানোও ঠিক ছিল না। সীমানায় ফিল্ডিং সাজানো দরকার ছিল।'
সোমবার আবাহনী শুধু একটি ম্যাচই হারেনি, এ পরাজয়ের পরিণামে লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে তারা। রানার্সআপ হয়েছে বাংলাদেশ বিমান। দুই দলের পয়েন্ট সমান। তবে হেড টু হেডে এগিয়ে থাকায় আবাহনীকে পেছনে ফেললো বিমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২১৪ ঘ.
bdnews24