সেঞ্চুরিয়ন, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে রোববার হারতে হারতে বেঁচে গেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ৩৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ১৫ ওভারে ৫ উইকেট হারালে হারের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত পল কলিংউড (২৬) ও এগারো নম্বর ব্যাটসম্যান গ্রাহাম অনিয়ন্স (১) শ্বাসরুদ্ধকর শেষ ৩.১ ওভার কাটিয়ে দেন। দিন শেষে ইংল্যান্ড ৯ উইকেটে ২২৮ রান করলে ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবে।
এক উইকেটে ১১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম ঘন্টায় দলীয় ২৭ রানে ৩ উইকেট হারালে জয়ের সুগন্ধ পেতে থাকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে কেভিন পিটারসেন (৮১) ও জোনাথন ট্রট (৬৯) ১৪৫ রান তুলে বিপদ সামাল দেন।
চা-বিরতির পর দ্বিতীয় ওভারে ১৭২ রানের মাথায় পিটারসেন রান আউট হয়ে যান। এরপরই দ্বিতীয় নতুন বলে ভয়ংকর রূপ ধারণ করেন ডি ওয়েট। ৭ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়া বাঁ-হাতি স্পিনার পল হ্যারিস ও পেসার মর্নে মরকেল একটি করে উইকেট নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। কিন্তু মাখায়া এনতিনির শেষ ওভার অনিয়ন্স কাটিয়ে দিলে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইংল্যান্ড শিবির।
এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪১৮ রান তুললে জবাবে ইংল্যান্ড করে ৩৫৬। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩০১ রান করে ইনিংস ঘোষণা করে প্রটিয়াসরা।
চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ২৬ ডিসেম্বর ডারবানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০২ ঘ.
bdnews24