ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আট বছর পর শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে মাঠে নামছে আবাহনী-মোহামেডান। ২০০১ সালের পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সাতটি লিগ হলেও চ্যাম্পিয়ন দল নির্ধারণে শেষ ম্যাচের ওপর নির্ভর করতে হয়নি। সে কারণেই সোমবারের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে বাড়তি উত্তাপ অনুভব করছেন আবাহনী-মোহামেডানের সমর্থকরা।
শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ বলেই নয়, আরো দুটি বিশেষ কারণে আবাহনী-মোহামেডান ম্যাচ দর্শকদের মনযোগ আকৃষ্ট করছে। আবাহনীর সামনে রেকর্ড টানা চতুর্থবার লিগ শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে আট বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধারের সুযোগ মোহামেডানের সামনে। এ থেকে কারো বোঝার বাকি নেই কতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে আবাহনী-মোহামেডান ম্যাচটি।
সর্বশেষ ২০০১ সালে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিলো মোহামেডান। তারই পূণরাবৃত্তি দেখার অপেক্ষায় মোহামেডান কর্মকর্তারা। কোচ ফাহিম মুনতাসির সুমিতের বিশ্বাস সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আবাহনীকে হারাতে পারবে তার দল। বলেন, "ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগেই ভালো আমার দল। লিগের সার্বিক পারফরমেন্সের বিচারেও আবাহনীর চেয়ে এগিয়ে। এছাড়া প্রথম রাউন্ডে তাদের হারানোর অভিজ্ঞতাও আছে। এই উপকরণগুলো নিশ্চয়ই ক্রিকেটারদের মধ্যে প্রেরণা হিসেবে কাজ করবে।"
কোচের কথায় সুর মিলিয়ে অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও বলেন, আট বছরের ব্যার্থতা ঘোচাবে তার দল। তার মতে, অনেক আগেই শিরোপা নিশ্চিত করা উচিত ছিলো মোহামেডানের। কিন্তু প্রথম রাউন্ডে খেলাঘর আর সুপার লিগে বিমান বাংলাদেশের কাছে হেরে শেষ ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পাইলট বলেন, "স্বাভাবিক খেলা খেললেই আবাহনীকে হারাতে পারবো আমরা। এই লিগেই তাদের হারানো অভিজ্ঞতা আছে। এছাড়া শিরোপার কাছে এসে ক্রিকেটাররা নিশ্চয়ই পিছু হটবে না।"
প্রথম রাউন্ডে আফতাবের সেঞ্চুরিতে ভর করে আবহানীর বিপক্ষে জয় তুলে নেয় মোহামেডান। চোট সেরে ওঠায় সোমবারের ম্যাচে খলেবেন মারকুটে এই ব্যাটসম্যান। তবে পায়ে চোট থাকায় উদ্বোধনী ব্যাটসম্যান নাফিস ইকবালকে নিয়ে ভাবতে হচ্ছে মোহামেডানকে। তামিম ইকবালকে তো পাচ্ছেই না। ডান হাতের হাঁড়ের চিড় পুরোপুরি না সারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে তার ছাড়পত্র পায়নি সাদাকালো শিবির।
দেশের খেলোয়াড়দের সঙ্গে একমাত্র বিদেশি পাকিস্তানি অল-রাউন্ডার রানা নাভেদুল হাসানই তাদের ভরসা। যদিও সুপার লিগে আহামরি কোন খেলা খেলতে পারেননি মোহামেডানের এই পাকিস্তানি ক্রিকেটার।
সেদিক থেকে আবাহনীকেও পিছিয়ে রাখার উপায় নেই। ইমরুল কায়েস, আব্দুল রাজ্জাক আর অধিনায়ক সাকিব আল হাসান জ্বলে উঠলে সমস্যায় পড়ে যাবে মোহামেডান। টানা কয়েক ম্যাচে ব্যাটিংয়ে ব্যার্থ হলেও মোহামেডানের বিপক্ষে ঠিকই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্র"তি দিলেন সাকিব আল হাসান। বলেন, "আমি ভালো খেললেই ম্যাচ জিতবে আবাহনী। তিন চারটা ম্যাচে রান পাইনি। এ নিয়ে কিছুটা চাপে আছি। আশা করি কালকের (সোমবার) ম্যাচে ভালো খেলবো। অন্যরাও নিজেদের উজাড় করে দিয়ে খেলার চেষ্টা করবে। সবার সমন্বিত চেষ্টা থাকলে জয় আসবেই।"
প্রথম রাউন্ডের পারফরমেন্স এবং ক্রিকেটারদের মানের বিচারে মোহামেডানকে কিছুটা এগিয়ে রাখছেন সাকিব। তবে সুপার লিগের শেষ দিকে আশরাফুলদের ব্যাটিং ভাল হচ্ছে না বলেই মনে করেন আবাহনী অধিনায়ক। আর সেই সুযোগই নিতে চান সাকিব।
আবাহনী কোচ সারোয়ার ইমরানও মোহামেডানকে এগিয়ে রাখছেন। তাই বলে শিরোপা জয়ের প্রত্যাশা থেকে এক চুলও সরে আসেননি। বলেন, "প্রথম রাউনেড আমাদের যে ভুল ছিলো তা অনেকটাই শুধরে নিয়েছি। আশা করি এ ম্যাচে ভুল কম হবে। এবং ছেলেরা মোহামেডানকে হারাতে পারবে।"
চোট থাকায় নিয়মিত উইকেট কিপার সগির হোসেন পাভেল এবং মোক্তার আলীর খেলা সম্ভাবনা খুবই কম। অনেক দিন ধরেই ম্যাচ খেলছেন না পাভেল। তার বিকল্প হিসেবে হামিদুর রহমান হিমেল কুঁচকির চোট নিয়েই খেলছেন।
তারপরও ১৫বার লিগ চ্যাম্পিয়নরা রেকর্ড গড়ার নেশায় হয়তো মেতে উঠবে। নবমবারের মতো শিরোপা ঘরে তুলতে মোহামেডানেরও চেষ্টার কমতি থাকবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০২৮ ঘ.
bdnews24