পার্থ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ দিনে দশম উইকেট জুটিতে ৩০ বলে ২৯ রান যোগ করে ক্যারিবীয় শিবিরে আনন্দের পরশ বুলিয়ে দিয়েছিলেন কেমার রোচ ও গ্যাভিন টঙ্গ। কিন্তু পঞ্চম দিনে ১৫ রানের বেশি যোগ করতে পারলেন না তারা। ৩৫ রানে তৃতীয় টেস্ট জেতার সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্ক-ওরেল ট্রফি ২-০ তে নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া।
রোববার শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১ উইকেট, ক্যারিবীয়দের ৫১ রান। ২১ বলের মধ্যেই রোচকে ব্র্যাড হাডিনের তালুবন্দী করে ম্যাচটি খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছেন ডোগ বোলিঙ্গার। ৭১ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৩ টি উইকেট পেয়েছেন এই পেসার। মিচেল জনসনেরও দখলে গেছে ৩টি উইকেট, সে জন্য তাকে খরচ করতে হয়েছে ৬৭ রান। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৩৫৯ রানের জয়ের লক্ষ্যের এত কাছাকাছি আসতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ উইকেট জুটিতে নরসিং দেওনারায়ন (৮২) ও ব্রেন্ডন ন্যাশের (৬৫) ১২৮ রানের কল্যাণে। কিন্তু চতুর্থ দিনের শেষ সেশনে ক্যারিবীয়দের ৬টি উইকেট পতনই শেষ পর্যন্ত তাদের হারের কারণ হয়ে দাঁড়ায়। গেইল, সারওয়ান, রামদিনের মতো ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেললে হয়তো জয়টা হাতের মুঠোয় পেয়ে যেতো ওয়েস্ট ইন্ডিজ।
তবে ক্যারিবীয়দের জন্য সুসংবাদ ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরষ্কার গেছে ক্রিস গেইলের হাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২৩৪ ঘ.
bdnews24