ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বল করতে না পারার মাসুল গুনতে হচ্ছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও চতুর্থ ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি। কেননা দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এরই মধ্যে ধোনির বদলি হিসেবে উইকেটরক্ষক দিনেশ কার্তিককে নেয়া হয়েছে।
ধোনির সেঞ্চুরির ওপর ভর করে নাগপুরে ভারত তিন শ'রও বেশি রান করে। তাই দুই ম্যাচে তার খেলতে না পারা ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। নির্দিষ্ট সময়ের মধ্যে দুই ওভার বল কম করলে সাধারণত অর্থ দন্ড দেয়া হয়। অর্থাৎ ম্যাচ ফি'র নির্দিষ্ট একটা অংশ জরিমানা করা হয়ে থাকে। কিন্তু ম্যাচে ধোনির দল নির্দিষ্ট সময়ের মধ্যে তিন ওভার বল কম করেছে। তাই তা 'সিরিয়াস' ক্যাটাগরিতে পড়েছে।
আগামী দুই ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। কার্তিক ছাড়াও দলে ফিরেছেন পেসার ইশান্ত শর্মা। শ্রীশান্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় দলে ডাকা হয়েছে ইশান্তকে।
তৃতীয় ও চতুর্থ ম্যাচ দু'টি হবে কটক ও কলকাতায়।
পাঁচ ম্যাচের সিরিজ ১-১ এ অমীমাংসিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২০৪ ঘ.
bdnews24