ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে দিলেন নাঈমুর রহমান দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র সঙ্গে বনিবনা না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও বিসিবিকে এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
বিসিবিকে তার পদত্যাগের সিদ্ধান্ত লিখিতভাবে জানানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করছেন না দুর্জয়। এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে তিনি বলেন,"নির্বাচক হিসেবে বোর্ডের সঙ্গে আমাদের চুক্তি নবায়ন হয়নি। অতএব পদত্যাগেরও দরকার হবে না।"
তবে মৌখিবভাবে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন সুজনকে জানানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ বলেছেন বিষয়টি মৌখিকভাবে জানলেও তার কাছে লিখিতভাবে জানাটাই গুরুত্বপূর্ণ,"আমার সঙ্গে দুর্জয়ের এ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সে তো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেনি। তাই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।"
পদত্যাগ পত্রের দরকার আছে কি না এমন প্রশ্নের জবাবে সিরাজ বলেন,"নতুন চুক্তি না হলেও তাদেরকে তো আমরা দ্বিতীয় মেয়াদের জন্য বাছাই করেছি। তিন মাস ধরে মৌখিক আশ্বাসের ওপরই তারা কজ করছে। তাকে (দুর্জয়) জাতীয় দলের নির্বাচক হিসেবেই জানি। চলে যেতে চাইলে অবশ্যই একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হবে।"
অন্যদিকে, দুর্জয়ের চলে যাওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তবে তার মতে নির্বাচকের পদ ছেড়ে দিতে দুর্জয়ের আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার দরকার হবে না,"তাদের সঙ্গে বিসিবির কোনো চুক্তি নেই। সুতরাং দুর্জয়কে লিখিতভাবে কিছু জানাতে হবে না।"
সিরাজের সঙ্গে আরেক জায়গাতেও সুজনের বক্তব্য মিললো না, তিনিজানান, দুর্জয়কে নির্বাচক হিসেবে রেখে দিতে চেষ্টা করছে বিসিবি। তাদের চুক্তি পত্রও তৈরি হয়ে আছে। বোর্ডের অনুমোদন পেলে তবেই দু পক্ষের মধ্যে চুক্তি সাক্ষর হবে।
প্রধান নির্বাচক রফিকুল আলমের তত্ত্বাবধানে সর্বশেষ অক্টোবরে জাতীয় দল নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন দুর্জয়। তারপর থেকে জাতীয় দল তো নয়ই, বয়সভিত্তিক দল নিয়েও আর কাজ করেননি। তাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের ২৬ সদস্যের প্রাথমিক দল নির্বাচন করেছেন রফিকুল আলম ও আকরাম খান।
তবে দুর্জয় নির্বাচকের পদ ছেড়ে দিয়েছেন -- এ খবর শোনার পর অবাকই হয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম,"আমি জানি ও কিছুটা হতাশ। তাই বলে নির্বাচকের পদ ছেড়ে দেবে এমন তো কথা ছিল না।"
দুর্জয়ের দাবি অনুযায়ী এই ডিসেম্বর মাস থেকে আর তিনি বিসিবির নির্বাচক থাকছেন না।
বিসিবির সঙ্গে নির্বাচকদের দু বছরের চুক্তির মেয়াদ ৩১ আগস্ট শেষ হলে অস্থায়ী ভিত্তিতে মেয়াদকাল আরো দু মাস বাড়ানো হয়। এরপরই দ্বিতীয় মেয়াদে ২০১০ সালের জুন পর্যন্ত তাদের রেখে দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবির নির্বাহী কমিটি। কিন্তু সাড়ে তিন মাস চলে হলেও এখনো কোনো চুক্তি হয়নি। এমন কি অতিরিক্ত তিন মাস আগের বেতন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নির্বাচকদের।
চাকরিবিধিতে নতুন শর্ত জুড়ে দেয়ায় ক্ষুব্ধ হন জাতীয় দলের নির্বাচকরা। বোর্ড পরিচালকদের একটি অংশের সঙ্গে এ নিয়ে দূরত্বও তৈরি হয় তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩৮ ঘ.
bdnews24