ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সরিয়ে দেয়ার প্রক্রিয়া এবং তারপর জাতীয় দল নির্বাচকদের চুক্তি নিয়ে জটিলতা দেখা দেয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রায় এক মাস আগে সালাউদ্দিনকে ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলেও এখনো বিসিবির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। অথচ বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ৩০ নভেম্বর। তবে বিসিবির নির্বাহী কমিটির গত সভায় সিদ্ধান্ত নেয়া হয়, জাতীয় দলের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হলেও চাকরি হারাচ্ছেন না সালাউদ্দিন। সেখানে বলা হয়, অ্যাকাডেমি বা 'এ' দলের কোচের দায়িত্ব পেতে পারেন তিনি। কিন্তু এ বিষয়ে কাগজে-কলমে কোনো অগ্রগতি হয়নি।
অথচ মঙ্গলবারও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস আরেকবার দাবি করলেন সালাউদ্দিন চাকরি হারাননি,'শিগগিরই নতুন দায়িত্ব পাবে সালাউদ্দিন। ক্রিকেট অপারেশন্সকে আমরা বলেছি তার কাজ নির্দিষ্ট করতে। আশা করি তার স্থায়ী চাকরির ব্যাপারে নির্বাহী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হয়ে যাবে।'
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা নিজামউদ্দিন সুজন বলেন,'আমরা সালাউদ্দিনকে স্থায়ীভাবে বিসিবির কোচের চাকরি দিতে চাই। তাহলে ভবিষ্যতে তাকে সব জায়গায় কাজে লাগানো যাবে। তাছাড়া যিনি জাতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন, তিনি তো বয়সভিত্তিক দলের কোচ হতে পারেন না। তাই একটু দেরি হচ্ছে।'
সালাউদ্দিনকে বিসিবি এখনো লিখিতভাবে কিছু জানায়নি কেন এমন প্রশ্নের উত্তরে সিইও বলেন,'আমরা তাকে কিছুই জানাইনি এটা সত্য। তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এ মাসেই। নতুন সিদ্ধান্ত হলেই জানিয়ে দেব।'
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আপাতত কর্মহীনই থাকতে হচ্ছে সালাউদ্দিনকে। সিইও অবশ্য বলছেন, যে তারিখে তার চুক্তি শেষ হয়েছে নতুন চুক্তি সেখান থেকেই কার্যকর হবে। উপায় নেই বলেই তাতে আস্থাও রাখতে হচ্ছে সালাউদ্দিনকে, তার আশা,"নিশ্চয়ই ইতিবাচক সিদ্ধান্ত নেবে বিসিবি।"
এদিকে নাঈমুর রহমান দুর্জয় একদিকে পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অন্যদিকে চুক্তি নবায়ন না হওয়া সত্ত্বেও কাজ করে যেতে হচ্ছে জাতীয় দলের অন্য দুই নির্বাচক রফিকুল আলম ও আকরাম খানকে। তাদের চুক্তি নিয়েও কম জল ঘোলা হয়নি। প্রায় চার মাস হলো দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে বিসিবি কার্যালয়ে আসছেন তারা।
এ প্রসঙ্গে রফিকুল আলম বললেন,"চুক্তি শেষ হওয়ার দ্ ুমাস আগেই আমাদের জানানো উচিৎ ছিল দ্বিতীয় মেয়াদে তারা আমাদের রাখছেন, নাকি নতুন কাউকে বিবেচনা করছেন। তা করা হয়নি। বিসিবি এ পর্যন্ত আমাদের সঙ্গে যে আচরণ করেছে তা সত্যিই দুঃখজনক। এটা কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ম হতে পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫০ ঘ.
bdnews24