২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুব আশাবাদী হওয়ার কারণ নেই আইসিএল ফেরতদের

ত্রিদেশীয় সিরিজের দলে যে খুব বেশি পরিবর্তন আসবে না রোববার প্রথম দিনের অনুশীলনেই তা জানিয়ে দিয়েছেন কোচ জেমি সিডন্স। নবীন এবং আইসিএল ফেরত ক্রিকেটারদেরও বুঝিয়ে দিয়েছেন ক্যাম্পে ডাক পাওয়া মানেই আন্তর্জাতিক ম্যাচে সুযোগ পাওয়া নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় সিরিজের দলে যে খুব বেশি পরিবর্তন আসবে না রোববার প্রথম দিনের অনুশীলনেই তা জানিয়ে দিয়েছেন কোচ জেমি সিডন্স। নবীন এবং আইসিএল ফেরত ক্রিকেটারদেরও বুঝিয়ে দিয়েছেন ক্যাম্পে ডাক পাওয়া মানেই আন্তর্জাতিক ম্যাচে সুযোগ পাওয়া নয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই ২৬ সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ। ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে বিকল্প অনেক ক্রিকেটারের দরকার হবে বলেই মনে করেন কোচ জেমি সিডন্স। সে কারণেই শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ, অলক কাপালীদের সুযোগ দেয়া। সিডন্স বলেন,"ঢাকা লিগ আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক তফাৎ। লিগে সর্বোচ্চ রান করলেই জাতীয় দলে জায়গা নিশ্চিত এমনটা ভাবার কারণ নেই। আশা করি তারা ক্যাম্পে থেকে নিজেদের তৈরি করে নেবে।" শাহরিয়ার নাফিসরাও জানেন ঢাকা লিগের পরফর্ম্যান্স দিয়েই জাতীয় দলে ফেরা সহজ হবে না। ট্রেনার, ফিজিও এবং কোচের মূল্যায়নের পরই মূল দলের জন্য বিবেচনায় নেবেন নির্বাচকরা। শাহরিয়ার নাফিসও তেমনটাই ধরে নিয়েছেন,"এবারই জাতীয় দলে সুযোগ হবে এতটা আশা করি না আমি। আমার লক্ষ্য দীর্ঘ মেয়াদে জাতীয় দলের হয়ে খেলা। এ জন্য কঠোর পরিশ্রম করতে হবে আমাকে। ক্যাম্প শেষ হলে জাতীয় লিগে ভালো খেলতে চাই। আশা করি এরপর আমি জাতীয় দলে ফিরতে পারবো।" মাশরাফি বিন মুর্তজাও চোট পুরোপুরি সারার আগে জাতীয় দলে ফিরছেন না। ত্রিদেশীয় সিরিজে তাকে তো পাওয়া যাবেই না, ভারতের বিপক্ষে হোম সিরিজের দুই টেস্টেও তার খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ঝুঁকি নিতে চান না মাশরাফি নিজেও,"আস্ট্রেলিয়ার চিকিৎসক ডেভিড ইয়াং হাঁটুর অপারেশনের পরই জানিয়ে দিয়েছেন আর একবার চোট পেলে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ, আর কোনো দিন খেলা সম্ভব হবে না। তাই আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো শারীরিক অবস্থা ফিরে না পাওয়া পর্যন্ত খেলবো না।" প্রথম দিনের অনুশীলনে ছিলেন ২০ জন ক্রিকেটার। পারিবারিক সমস্যা থাকায় আসতে পারেননি অলক কাপালি। ধীমান ঘোষ ও মাহাবুবুল আলম রবীন রেলিগেশন লিগের জন্য দলের সঙ্গে অনুশীলনে আছেন। এছাড়া জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস এবং মেহরাব হোসেন জুনিয়র ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১০৫ ঘ.