২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে ডাক পেলেন নাফীস আফতাব অলক

জাতীয় দলে আবার ডাক পেয়েছেন আইসিএল ফেরত শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ ও অলক কাপালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 09:08 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলে আবার ডাক পেয়েছেন আইসিএল ফেরত শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ ও অলক কাপালি। আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার যে প্রাথমিক দল ঘোষণা করেছে, তাতে স্থান হয়েছে তাদের। ২৬ জনের ওই দলে ডাক পেয়েছেন ভারতের বিদ্রোহী ক্রিকেট লীগে যাওয়া উইকেট কিপার ধীমান ঘোষও। গত বছরের সেপ্টেম্বরে আইসিএলে যোগ দেওয়ায় এদের ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিলো বিসিবি। গত ৬ জুন তারা আইসিএলের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা জানালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর তারা ঘরোয়া ক্রিকেটে খেলে এলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ছয় মাস তাদের বিবেচনায় না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। "আগামী ডিসেম্বরে তাদের (আইসিএল ফেরত) কুলিং পিরিয়ড শেষ হচ্ছে। জানুয়ারির ১ তারিখ থেকেই তারা নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছে। যদি তারা প্রাথমিক ক্যাম্পে ভালো করে তবে জানুয়ারিতে শুরু হতে যাওয়া তিন জাতির টুর্নামেন্টে অংশ নিতে কোনো সমস্যাই থাকবে না", আইসিএল ফেরতদের দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন প্রধান নির্বাচক রফিকুল আলম। ভারত, শ্রীলঙ্কা এবং স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আগামী ৪ জানুয়ারি শুরু হচ্ছে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট। বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে রফিকুল বলেন, "ঘরোয়া ক্রিকেটে ভালো করার কারণেই এদের দলে বিবেচনা করা হয়েছে। ঘরোয়া লীগে এদের সবাই রান সংগ্রহে ওপরের দিকেই আছে। এছাড়া উইকেট রক্ষক মুশফিকুর রহীমের কাঁধে ব্যথা থাকায় ধীমান ঘোষকে দল রাখা হয়েছে।" প্রাথমিক দলে আরো রয়েছেন- মাশরাফি বিন মোর্তুজা, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সৈয়দ রাসেল, জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন জুনিয়র, রকিবুল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, নাইম ইসলাম, ইমরুল কায়েস, মাহবুবুল আলম রবিন, রুবেল হোসেন, সগীর হোসেন, ডলার মাহমুদ, শফিউল ইসলাম ও রবিউল ইসলাম। ডাক পাওয়া সব ক্রিকেটারকে রোববার সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রাথমিক দল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারছি জেনে ভীষণ খুশি আমি। চেষ্টা করব বেটার পারফরম্যান্স করে জাতীয় দলে ফেরার।" ঢাকা লীগে প্রথম পর্যায় শেষে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি নিয়ে ৫০২ রান তুলে ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে ছিলেন শাহরিয়ার নাফীস। ৪২৯ রান করে তৃতীয় স্থানে ছিলেন আফতাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএমএইচ/এমআই/১৬০০ ঘ.