ঢাকা, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্পাহানী চা প্রিমিয়ার ক্রিকেট লিগে সুপার লিগ পর্বের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে তিন বড় দল আবাহনী, মোহামেডান ও বিমান বাংলাদেশ। আবাহনী ৭ উইকেটে ভিক্টোরিয়াকে এবং একই ব্যবধানে বিমান কলাবাগানকে হারিয়েছে। দিনের আরেক ম্যাচে মোহামেডানও ৬ উইকেটে ক্রিকেট কোচিং স্কুলকে হারিয়ে সুপার লিগে শুভ সূচনা করেছে।
অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড পারফর্মেন্সে ভর করে ভিক্টোরিয়াকে বিধ্বস্ত করেছে আবাহনী । বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ভিক্টোরিয়া আবাহনীর বোলিং তোপের সামনে দাড়াতেই পারেনি। ইনিংসের খাতা খোলার আগেই উইকেট হারানো ভিক্টোরিয়া ২৫.৪ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায়। ২৩ রান তুলেই ভিক্টোরিয়ার সর্বোচ্চ স্কোরার আবুল বাশার। সাকিব মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে ভিক্টোরিয়ার ইনিংসে ধস নামান। এছাড়া শুভাশিস, রাজ্জাক ও রফিক নেন দুটি করে উইকেট। জবাবে মাত্র ২০.৫ ওভারে ৩ উইকেট খরচে জয় তুলে নেয় আবাহনী। ওপেনার ইমরুল কায়েস ৪২ ও সাকিব অপরাজিত ৩৪ রান করেন। আবাহনীর তিনটি উইকেটই আবুল বাশারের।
ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে আগে ব্যাট করে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) বড় স্কোর গড়তে পারেনি। ৩৪ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় তারা। শুধু নাজিমুদ্দিন রিপনই (৪০) কিছুটা বুক চিতিয়ে ব্যাট করেছেন রানা নাভিদ (৪/৩৫) ও সাকলায়েন সজিবের (২/২২) বলে। পরে নাফিস ইকবাল ও আশরাফুলের ব্যাটে ৩০ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে মোহামেডান। নাফিস হার না মানা ৫৬ ও আশরাফুল করেন ৪৬ রান। সিসিএসের রেফাতুজ্জামান ও নাজিমু্িদ্দন রিপন দুটি করে নেন।
কুয়াশায় সৃস্ট আলো স্বল্পতার কারণে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচটি ২৭ ওভারে নামিয়ে আনা হয়। আগে ব্যাট করা কলাবাগান ওপেনার নাজমুজ সাদাত ও রকিবুল হাসানের ব্যাটে ২০১ রানের বড় স্কোর গড়ে তোলে। সাদাত ৪৯ বলে ৫৬ ও রকিবুল ৩৫ বলে ৪১ রানের চমৎকার দুটো ইনিংস খেলেন। বিমানের শফিউল ইসলাম তিনটি ও ইলিয়াস সানি নেন দুটি উইকেট। পরে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৫.৫ ওভারেই জয় নিশ্চিত করে বিমান। অপরাজিত ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এছাড়া ৪২ রান করেন অভিষেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএস/এসি/২১১৪ ঘ.
bdnews24