ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্সাহানি চা ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে এবার জাতীয় দলের ব্যাটসম্যানদের পারফর্ম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। এ মৌসুমে এখন পর্যন্ত যারা সফল তেমন ব্যাটসম্যানদের প্রথম দশ জনে জাতীয় দলের একজনও নেই। আইসিএল ফেরত শাহরিয়ার নাফিস আছেন সবার ওপরে। ১১ ম্যাচে দুটি ফিফটি ও দুটি সেঞ্চুরিসহ ৫০২ রান করেছেন গাজী ট্যাংকের এই ওপেনার। বোলারদের শীর্ষ পাঁচেও নেই জাতীয় দলের কারো নাম। সেই তালিকায় সবার ওপরে জ্বলজ্বল করছেন সূর্য্যতরুণের সানজামুল ইসলাম।
আবাহনীর রনি তালুকদারের ব্যাট থেকে এসেছে ৪৪৮ রান। অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যানও দুটি ফিফটি ও দুটি সেঞ্চুরি পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন আইসিএল ফেরত জাতীয় দলের আরেক সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ। তিনটি অর্ধশতক ও একটি শতক নিয়ে এ পর্যন্ত মোট ৪২৯ রান করেছেন মোহামেডানের এই মারকুটে ব্যাটসম্যান।
বাকি সাত জনের মধ্যে বিমানের জহিরুল ইসলাম ৩৯৫, ক্রিকেট কোচিং স্কুলের উত্তম সরকার ৩৮০, কলাবাগান ক্রীড়া চক্রের জুবায়ের আহমেদ ৩৭৮, পারটেক্সের গাজী সালাউদ্দিন ৩৪৭, খেলাঘরের আসলাম আলী ৩৪৭, কলাবাগান ক্রীড়া চক্রের মোহাম্মদ জাহিদ ৩৩৬ ও মোহামেডানের মার্শাল আয়্যুব ৩২৬ রান করেছেন।
বোলারদের মধ্যে ২২ উইকেট নিয়ে শীর্ষে আছেন সূর্য্যতরুণের সানজামুল ইসলাম। দ্বিতীয় স্থানে রয়েছেন ওল্ড ডিওএইচএস-এর নাজমুল ইসলাম অপু। তার সংগ্রহে আপাতত ২১ উইকেট। জাতীয় দলের সাবেক বাঁ হাতি স্পিনার, আবাহনীর মোহাম্মদ রফিকও পেয়েছেন ২১ উইকেট। একই দলের সুভাশিস রায় নিয়েছেন ২০ উইকেট। ২০ উইকেট নিয়ে তার পরেই আছেন বিমানের তারেক আজিজ। তার মানে, বোলারদের সেরা পাঁচে জাতীয় দলের একজনও নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ঘ.
bdnews24