ওয়েলিংটন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ইয়েইন ও'ব্রায়েন। তারপর চলে যাবেন যুক্তরাজ্যে, স্ত্রীর কাছে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেট ছাড়ছেন না ৩৩ বছর পেরোনো এই ক্রিকেটার, ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের হয়ে খেলবেন তিনি।
হঠাৎ অবসরের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে ক্রিকইনফোকে ও' ব্রায়েন বলেন, 'সিদ্ধান্তটি নিতে ভীষণ কষ্ট হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, নিউজিল্যান্ডের হয়ে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। আমার স্ত্রী যুক্তরাজ্যে বসবাস করছে এবং ওখানেই চাকরি করছে। ফলে আমার ভবিষ্যতটা ওর সঙ্গেই জড়িয়ে। আড়াই বছর আগে যখন আমরা বিয়ে করলাম, তখন থেকে আমরা মাত্র ৯ মাস একত্রে থাকতে পেরেছি। তাই এখন আমার লক্ষ্য একটা ভালো পরিবার গঠন করা, একটু থিতু হয়ে বসা এবং ওই (ইংল্যান্ড) দেশে আমাদের নিরাপদ ভাগ্য গড়ে নেয়া। ক্রিকেট আমার এক নম্বর পছন্দ। ক্রিকেটকে তাই আমি সব কিছুর উপরে স্থান দিয়ে এসেছি। তবে এখন রসিকেই (স্ত্রী) প্রথম পছন্দ হিসাবে বেছে নিয়ে জীবন শুরু করার সময়।"
২০০৫ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকে এ পর্যন্ত ২১ টেস্টে ৬৭ টি আর ১০ টি একদিনের আন্তর্জাতিক ম্যােচ ১৪ উইকেট পেয়েছেন ও'ব্রায়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২৩৪৭ ঘ.
bdnews24