মুম্বাই, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই টেস্টে হার এড়ানোর জন্য লড়ে যাচ্ছে শ্রীলঙ্কা। চতুর্থ দিন শেষে অধিনায়ক কুমার সাঙ্গাক্কারার হার না মানা ১৩৩ রানের ইনিংসের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রান করেছে তারা। ইনিংস পরাজয় এড়াতে হলে এখনো ৬০ রান করতে হবে আর হার এড়াতে হলে রোববার প্রায় অসম্ভবকে সম্ভব করতে হবে তাদের।
অন্যদিকে এ ম্যাচ জিতলেই ২-০ তে সিরিজ জেতার পাশাপাশি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে ভারত। ১ম ইনিংসে ৩৯৩ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বীরেন্দর শেবাগের ২৯৩, মহেন্দ্র সিং ধোনির হার না মানা সেঞ্চুরীতে ৯ উইকেটে ৭২৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত।
শনিবার বিনা উইকেটে ১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ২৯ রানেই দিলশানকে (১৬) হারায় শ্রীলঙ্কা। তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন হরভজন। দ্বিতীয় উইকেটে সাঙ্গাকারার সঙ্গে ৯০ রান তোলার পর পারানাভিতানাকে (৫৪) একইভাবে ফিরিয়ে দেন কানপুর টেস্ট জয়ের নায়ক শ্রীশান্ত। তবে সফরকারীদের ভিত নড়িয়ে দেয় আসলে জহির খানের জোড়া আঘাত। মাহেলা জয়াবর্ধনে (১২) এবং সামারাবীরা (০) মাত্র ২ রানের ব্যাবধানে জহিরের শিকার হওয়ায় ১ উইকেটে ১১৯ থেকে দেখতে দেখতেই শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১৩৭। তারপর ওঝার বলে ম্যাথুস ধোনিকে ক্যাচ দেয়ায় ৫ উইকেটে ১৪৪। ইনিংস পরাজয় তখন স্রেফ সময়ের ব্যাপার। সেখান থেকে ৬ উইকেটে ২৭৪ -- তুলনায় দিনটা অনেক ভালোভাবেই শেষ হয়েছে শ্রীলঙ্কার। সেটা সম্ভব হয়েছে প্রসন্ন জয়াবর্ধনে (৩২) এবং অবশ্যই সাঙ্কাকারার অধিনায়কোচিত ব্যাটিংয়ের কল্যাণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯২২ ঘ.
bdnews24