ওয়েলিংটন, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েলিংটন টেস্টে মোহাম্মদ আসিফ এবং দানিশ কানেরিয়ার মারাত্মক বোলিংয়ে ৯৯ রানেই শেষনিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলে প্রথম ইনিংসে ১৬৫ রানের লিড পেয়ে যায় পাকিস্তান।এর আগে কামরান আকমলের ৭০ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ২৬৪ রান করে তারা। ম্যাচের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৪ রান করেছে মোহাম্মদ ইউসুফের দল। ও' ব্রায়ান ফিরিয়ে দিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যাম ইমরান ফারহাত (৩৫) এবং সালমান বাটকে (১৮)।
৬ উইকেটে ১৬১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তানের প্রথম ইনিংস ২৬৪ রানে পৌঁছায় মূলত কামরান আকমল (৭০), মোহাম্মদ আমের (২১) ও উমর গুলের (৩১) ব্যাটিং দৃঢ়তায়।
জবাব দিতে নেমে শুরুতেই পেসারদের তোপে পড়ে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই মার্টিন গুপ্টিলকে (০) তুলে নেন মোহাম্মদ আমির। তারপর রস টেলর (৩০) এবং ড্যানিয়েল ফ্লিন (২৯) ছাড়া কোনো ব্যাটসম্যানই বলার মতো প্রতিরোধ গড়তে না পারায় একশ'র আগেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৪০ রানে ৪ উইকেট পেয়েছেন আসিফ, কানেরিয়া ৩ উইকেট পেয়েছেন মাত্র ৬ রান দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০০০ ঘ.
bdnews24