২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাবের দাপটে মোহামেডানের সহজ জয়

মোহামেডানের জয়ের ধারায় ছেদ টানা দূরের কথা, চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আবাহনী লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহামেডানের জয়ের ধারায় ছেদ টানা দূরের কথা, চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আবাহনী লিমিটেড। আফতাব আহমেদেরর সেঞ্চুরির দাপটে হেরে গেছে তারা ৬ উইকেটে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে শুক্রবারের বাকি দু ম্যাচে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়াচক্র ও বিমান বাংলাদেশ। যে কোনো মূল্যে মোহামেডানকে হারাতে চেয়েছিলেন আবাহনী অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৯১ রানেই ইনিংস গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর নাদিফ চৌধুরীর, ৩২ রান। আর যার ওপর সমর্থকদের প্রত্যাশা ছিল বেশি সেই পাকিস্তানী অল-রাউন্ডার আব্দুর রাজ্জাক করেছেন ২৮। আবাহনীর এই দুরবস্থার কারণ অবশ্যই মোহামেডানের দুর্দান্ত বোলিং। সাকলাইন সাজিব, মাহমুুদুল্লাহ রিয়াদ ও নাবিল সামাদ দুটি করে উইকেট নিয়ে বড় স্কোর গড়তে দেননি গত তিন বছরের চ্যাম্পিয়নদের। বোলিংয়ের পর ব্যাটিংয়েও আবাহনীকে ম্লান করে দেয় মোহামেডান। প্রয়োজনীয় রানের অর্ধেকেরও বেশি এসেছে আফতাব আহমেদের ব্যাট থেকে। ১০০ বলে ১৫টি চার ও দুটি ছক্কায় ১০৭ রান করে অপরাজিত থেকে যান আইসিএল ফেরত এই ক্রিকেটার। এছাড়া আশরাফুল করেছেন ২৬ বলে ৩৫। ফলে ৩৩.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহাম্মদ জাহিদের ৯২ রানের ইনিংসের সুবাদে ২১২ রান করে কলাবাগান। সানজামুল হক ৩১ রানে ৬ উইকেট নিয়ে ইনিংসটাকে বড় হতে দেননি। কিন্তু পরে এনামুল হক জুনিয়র ৩টি, নাজমুস সাদাত, ফরিদউদ্দিন ফারুক ও মোহাম্মদ জাহিদ দুটি করে উইকেট নেয়ায় ১৫৬ রানে গুটিয়ে ৫৬ রানে হেরে যায় সূর্য্যতরুণ। ওদিকে বিমানের কাছে পাত্তা পায়নি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বিকেএসপি মাঠে তারা হেরেছে ৬৪ রানে। জহুরুল ইসলাম ৫৬ ও ইলিয়াস সানির ৭৫ রানের ইনিংস দুটো বিমানকে নিয়ে যায় ২১৭ রানে। খেলাঘরের মনোয়ার হোসেন চারটি ও মনিরুল ইসলাম, শহিদুল আলম ও এনামুল হক দুটি করে উইকেট নেন। জবাবে ১৫৩ রানে শেষ হয়ে যায় খেলাঘর। আশরাফুল নবির ব্যাট থেকে আসে ৪১ রান। শফিউল ইসলাম চারটি, শরিফুল্লাহ তিনটি ও মোশারফ হোসেন দুটি উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২৫ ঘ.