ওয়েলিংটন, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার ওয়েলিংটন টেস্টে মোহাম্মদ আসিফ এবং দানিশ কানেরিয়ার মারাত্মক বোলিংয়ে ৯৯ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। এর আগে কামরান আকমলের ৭০ রানের ইনিংসে পাকিস্তান প্রথম ইনিংসে ২৬৪ রান সংগ্রহ করে।
১৬৫ রানের লিড নিয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে ২ উইকেট হারিয়ে ৬৪ রান করে।
অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ১০ এবং মিসবাউল হক ১ রানে ব্যাট করছেন। নিউজিল্যান্ডের পক্ষে ও' ব্রায়ান তুলে নেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যাম ইমরান ফারহাত (৩৫) এবং সালমান বাটকে (১৮)।
৬ উইকেটে ১৬১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তানের প্রথম ইনিংস ২৬৪ রানে পৌঁছে মূলত কামরান আকমল (৭০), মোহাম্মদ আমের (২১) ও উমর গুলের (৩১) ব্যাটিং দৃঢ়তায়।
জবাব দিতে নেমে শুরুতেই পাক পেসারদের তোপে পড়ে কিউই উদ্বোধনী জুটি। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই মার্টিন গুপ্টিলকে(০) তুলে নেন মোহাম্মদ আমির। এর কয়েক ওভার পরেই অন্য প্রান্তের টিমোথি ম্যাকিনটসকে (৪) তুলে নেন মোহাম্মদ আসিফ।
এরপর অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন রস টেলর (৩০) এবং ড্যানিয়েল ফ্লিন (২৯)। কিন্তু টেলরকে বোল্ড করে সাজঘরে ফেরান উমর গুল। পরের ওভারে এসে পিটার ফুলটনকে (০) তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন।
মাত্র ৫২ রানে ৪ উইকেট পড়ে গেলে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। সে বিপদ আর কাটিয়ে উঠতে পারেনি তারা।
পাক বোলাররা টপাটপ তুলে নিতে থাকে নিউজিল্যান্ডের বাকি উইকেটগুলো। মোহাম্মদ আসিফ এসে ফ্লিন, ব্রেন্ডন ম্যাককালাম (০) আর ড্যারিল টাফিকে (৩) সাজঘরে ফেরান।
অন্যদিকে দানিশ কানেরিয়া তার ঘূর্ণি বলে গ্র্যান্ট এলিয়ট (২০), ড্যানিয়েল ভেট্টোরি (৬) এবং ইয়ান ও' ব্রায়ানকে (০) তুলে নিলে ৯৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪৪৭ ঘ.
bdnews24