ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারানোর জন্য মোহামেডান মরিয়া। তাদের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান থেকে রানা নাভিদুল হাসানকে নিয়ে এসেছে তারা। অন্যদিকে আবাহনীও দলে ভিড়িয়েছে আরেক পাকিস্তানি অলরাউন্ডারকে। মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়নদের দলে যোগ দিয়েছেন আব্দুর রাজ্জাক।
শ্রীলঙ্কার ফারবিজ মাহরুফ দেশে ফিরে যাওয়ায় রানা নাভিদুল হাসানকে দলে নেয়ার সুযোগ পায় মোহামেডান। এখনো পর্যন্ত অপরাজিত দল মোহামেডানের হয়ে সুপার লিগেও খেলবেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আবাহনীর বিপক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও মাঠে নামতে পারেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়ায় বিশ্রামে যেতে হয়েছিল জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৩০ ঘ.
bdnews24