ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তলপেটের মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে শেষ দু'টি টেস্টে খেলছেন না নিউজিল্যান্ডের ফাস্ট বোলার শেন বন্ড। তবে আশা করা হচ্ছে, আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগেই সেরে উঠবেন তিনি।
ডানেডিনে প্রথম টেস্ট চলার সময়ই তলপেটে ব্যথা অনুভব করেন বন্ড। ম্যাচ শেষে স্ক্যান করে দেখা যায়, তলপেটের মাংসপেশির এক সেন্টিমিটারের মতো অংশ ছিঁড়ে গেছে।
নিউজিল্যান্ড দলের ম্যানেজার ডেভ কুরি জানান, বড় ঝুঁকি এড়াতেই বন্ডকে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে বিশ্রামে রাখা হচ্ছে।
বন্ডও বলেছেন, "আমি হয়তো খেলতে পারতাম, কিন্তু তাতে হয়তো দীর্ঘদিনের জন্য দলের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিতো।"
ডানেডিন টেস্টে দু ইনিংস মিলে আট উইকেট নেয়ায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন শেন বন্ড। সিরিজের বাকি দুই টেস্টে তাকে না পাওয়া নিউজিল্যান্ডের জন্য অবশ্যই দুশ্চিন্তার কথা।
দ্বিতীয় টেস্ট শুরু হবে ওয়েলিংটনে, ৩ ডিসেম্বর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/এসি/২০৫৫ ঘ.
bdnews24