মুম্বাই, নভেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই টেস্ট জিতলেই প্রথমবারের মতো আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে যাবে ভারত। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী বুধবার।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট্ে শ্রীলঙ্কাকে ইনিংস এবং ১৪৪ রানে হারিয়ে সে সম্ভাবনা ভালোভাবেই জাগিয়ে তুলেছে স্বাগতিকরা। তবে ১-০ তে এগিয়ে থাকা ভারতকে শীর্ষে ওঠার জন্য মুম্বাই টেস্ট জিততেই হবে।
ভারত বর্তমানে র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে। তাদের ওপরে আছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তবে তিনটি দলের মধ্যে ব্যবধান সামান্যই।
প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলে ভারতের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে সেটা হবে বড় এক অর্জন। কিন্তু তা সত্ত্বেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার দলের ক্রিকেটারদের মাথা থেকে এ ভাবনা ঝেড়ে ফেলতে বলেছেন। বরং সবাইকে আরও বেশি করে নিজের খেলার উপর মনোযোগ দিতে বলেছেন তিনি।
র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা সম্পর্কে ধোনি বলেন,"এটা আরও বাড়তি দায়িত্ব যোগ করবে। আমাদের জন্য এক নম্বর দল হওয়াটা জরুরি নয়, জরুরি নিজেদের পারফর্ম্যান্সের মানটা ধরে রাখা।"
তবে ভারতের জন্য দুঃসংবাদ হচ্ছে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান গৌতম গম্ভীর এ ম্যাচে খেলতে পারছেন না। বোনের বিয়ে উপলক্ষে বাড়ি গিয়েছেন তিনি।
আশা করা হচ্ছে, গম্ভীরের জায়গায় সুযোগ দেয়া হবে মুরালি বিজয়কে। মুরালি গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৪৩ ঘ.
bdnews24