ব্রিসবেন, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দ্বিতীয় দিনেই বিপদে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৪৮০ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করার পর দিন শেষে ৫ উইকেটে ১৩৪ রান করেছে তারা। ফলো অন এড়াতে এখনো ২৪৭ রান করতে হবে তাদের।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্কাস নর্থ ৪২ ও ব্র্যাড হ্যাডিন ৯ রান নিয়ে খেলা শুরু করেন। নিজের রানের সঙ্গে আরো ২৯ রান যোগ করে রবি রামপলের বলে উইকেটের পেছনে দিনেশ রামদিনের হাতে ধরা পড়ে বিদায় নেন ব্র্যাড হ্যাডিন। তবে নর্থ শেষ পর্যন্ত আউট হন ৭৯ রান করে। এর আগে সাইমন ক্যাটিচ (৯২), রিকি পন্টিং (৫৫) ও মাইক হাসি (৬৬)ও ফিফটি করেছিলেন।
চা-বিরতির আগে পন্টিং যখন ইনিংস ঘোষণা করলেন তখন ৫০ রান নিয়ে ব্যাট করছিলেন নাথান হরিটজ আর ২০ রানে অপরাজিত ছিলেন পিটার সিডল।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে ডোয়াইন ব্রাভো ৩ উইকেট নেন ১১৮ রানে। এছাড়া ৮৬ রান দিয়ে ২ উইকেট নেন সুলেমান বেন।
ওয়েস্ট ইন্ডিজের শুরুটা কিন্তু খারাপ হয়নি। অধিনায়ক ক্রিস গেইল বেন হিলফেনহসের বলে তিনটি চার মেরে শুরু করেছিলেন আক্রমন। কিন্তু গেইলের ব্যাটিং বেশিক্ষণ দুশ্চিন্তায় রাখতে পারেনি পন্টিংকে। ৩১ রান করে ওই হিলফেনহসের বলেই এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন এই সিরিজেই অধিনায়ক হয়ে দলে ফেরা গেইল। ৪৯ রানে প্রথম উইকেট, তারপর ওই স্কোরে দ্বিতীয় উইকেটও (অ্যাড্রিয়ান ব্যারাথ ১৫) হারায় সফরকারীরা। এরপর একে একে শিব নারায়ন চন্দরপল (২) দলকে ৫৮ রানে, ব্রাভো (০) ৬৩ রানে ও ব্রেন্ডন ন্যাশ (১৮) ৯৬ রানে রেখে ফিরে গেলে চরম বিপদে পড়ে তারা।
দিন শেষে দলের আশা-ভরসার প্রতীক হয়ে ৪০ রানে অপরাজিত ছিলেন ট্রাভিস ডাউলিন। দিনেশ রামদিন ব্যাট করছিলেন ২২ রানে।
মিচেল জনসন ২ উইকেট নিয়েছেন ৪৫ রানে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন হিলফেনহস, সিডল ও শেন ওয়াটসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০০৫ ঘ.
bdnews24