২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উমর আকমলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

এ ম্যাচেই টেস্ট অভিষিক্ত উমর আকমলের সেঞ্চুরি ও তার বড় ভাই কামরান আকমলের ফিফটির সুবাদে ডানেডিন টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ৩০৭ রান করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪২৯ রান করেছিল নিউজিল্যান্ড। ফলে এখনো ১২২ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ডানেডিন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ ম্যাচেই টেস্ট অভিষিক্ত উমর আকমলের সেঞ্চুরি ও তার বড় ভাই কামরান আকমলের ফিফটির সুবাদে ডানেডিন টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ৩০৭ রান করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৪২৯ রান করেছিল নিউজিল্যান্ড। ফলে এখনো ১২২ রানে পিছিয়ে আছে পাকিস্তান। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে বৃহস্পতিবার আগের দিনের ৮ উইকেটে ৪০৪ রান নিয়ে খেলতে নেমে ৪২৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। প্রায় দু বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আসিফ পেয়েছেন ১০৮ রানে ৪ উইকেট। এছাড়া মোহাম্মদ আমের, উমর গুল এবং সাঈদ আজমল পেয়েছেন দুটি করে উইকেট। ৪২৯ রানের জবাব দিতে নেমেই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে পাকিস্তানের টপ ও মিডল-অর্ডার। ১১ রানে উদ্বোধনী ব্যাটসম্যান খুররম মঞ্জুরের উইকেটটি তুলে নেন ক্রিস মার্টিন। তারপর শেন বন্ড একে একে ফিরিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ ইউসুফ (১৭), ফাওয়াদ আলম (২৯) ও শোয়েব মালিককে (২)। স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৮৫। সে অবস্থাতেই উমর আকমল চড়াও হন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। কামরান আকমলকে নিয়ে ১৭৬ রানের জুটি গড়ে নিশ্চিত করেন ফলো-অন এড়ানো। কামরান ৮২ রান করে আউট হয়ে গেলেও উমর আকমল ঠিকই আদায় করে নেন সেঞ্চুরি। ১২৯ রান করার পর বন্ডের অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফুলটনকে ক্যাচ দেন তিনি। উমরের ১২৯ রান এসেছে ১৬০ বলে, ২১টি চার ও দু'টি ছক্কার সহায়তায়। নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার শেন বন্ড, ৯৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া দু'টি করে উইকেট নিয়েছেন ক্রিস মার্টিন ড্যানিয়েল ভেট্টরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৪০ ঘ.