ডুনেডিন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির জন্য নিউজিল্যান্ড-পাকিস্তান ১ম টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৩৬ ওভার। ওই সুযোগেই ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে বেশ ভালো অবস্থানে নিয়ে গেছেন ড্যানিয়েল ভেট্টরি। ৮ উইকেটে ৪০৪ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। তারপরও হতাশায় ছেয়েছে ভেট্টরির মন। মাত্র ১টি রানের জন্য ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে টানা দুই টেস্টে সেঞ্চুরি করা হয়নি যে তার!
উমর গুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৯৯ রানে আউট হওয়ায় ৯৫ তম টেস্টে ভেট্টরির মোট রান দাঁড়িয়েছে ৩৫৯১ রান। এর মধ্যে ৪৩ ম্যাচে ৪৩.৮৬ গড়ে ২০১৮ রান করেছেন ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে। এর আগে শেন ওয়ার্ন করেছিলেন ২০০৫ রান। তবে অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনারকে ব্যাটসম্যান হিসেবে দু'হাজার পেরোতে গিয়ে খেলতে হয়েছিল ৯১টি টেস্ট।
বুধবার বৃষ্টির জন্য খেলা শুরুই হয় দেরিতে। তবে শুরুর পর থেকে সহজে রান তুলতে থাকেন ম্যাককালাম আর ভেট্টরি। ৬ উইকেটে ২৭৬ রান নিয়ে প্রথম দিন শেষ করা নিউজিল্যান্ড ৭ম উইকেট হারায় ৩৭৫ রানে। উমর গুলের ম্যাককালাম (৭৮) বোল্ড। এরপর ভেট্টরিকেও সেঞ্চুরির নিকটতম দূরত্বে গিয়ে হতাশায় ডুবিয়েছেন উমর গুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০০৪ ঘ.
bdnews24