ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দল নির্বাচকদের নিয়োগের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে খুব একটা সরে আসেনি বিসিবি। দুই বছর নয়, (২০১০ সালের ৩০ জুন পর্যন্ত) ১০ মাসের জন্যই জাতীয় দল নির্বাচকদের নিয়োগের বিষয়ে মঙ্গলবারের সভায় একমত হয়েছেন বিশেষ কমিটির কর্মকর্তারা। এর আগে চাকরির মেয়াদ দু বছর করার অনুরোধ করেছিলেন জাতীয় দলের নির্বাচকরা।
মঙ্গলবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় দল নির্বাচক নিয়োগে বিশেষ কমিটির সুপারিশ ২৩ নভেম্বরের কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
চুক্তির শর্ত থেকে ৯টা -- ৫টা অফিসের সিদ্ধান্ত এড়িয়ে গেছেন বিশেষ কমিটির কর্মকর্তারা। এবার বলা হয়েছে 'জাতীয় দল নির্বাচকরা প্রতিদিনই বিসিবি কার্যালয়ে আসবেন। তাদের কাজের পরিধি ধরা হয়েছে ঘরোয়া এবং বাংলাদেশের যে কোনো আন্তর্জাতিক ক্রিকেট পর্যবেক্ষণ।' নির্বাচকদের বেতন ভাতা ১৫ শতাংশ বাড়ানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ এই দুটো বয়সভিত্তিক দল দেখভাল করবেন নাঈমুর রহমান দুর্জয়। আকরাম খান দেখবেন অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২১ দল।
বিসিবির বেধে দেয়া এই শর্ত মেনে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করতে রাজি কিনা -- জানতে চাইলে প্রধান নির্বাচক রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"কাল (বুধবার) বিশেষ কমিটি আমাদের ডেকেছে, তাদের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৩৮ ঘ.
bdnews24