সেঞ্চুরিয়ন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বল করতে না পারায় ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যালিস্টার কুকসহ ইংল্যান্ড দলের সব সদস্যের জরিমানা করা হয়েছে।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টিতে নির্ধারিত সময়ে যে কয় ওভার বল করার কথা ছিল ইংল্যান্ড তার চেয়ে এক ওভার বল কম করেছে। এজন্য ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি'র ৫ শতাংশ ও অধিনায়কের ১০ শতাংশ কেটে নেয়ার নির্দেশ দিয়েছেন।
ইংল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে ১-১ ম্যাচে সমতা ফিরিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। এখন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে দল দু'টি। প্রথমটি হবে ২০ নভেম্বর জোহানেসবার্গে। ওয়ানডের পর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৫৫ ঘ.
bdnews24