সেঞ্চুরিয়ান, ১৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওপেনিং জুটিতে ১৩.৩ ওভারে ১৭০ রান ! টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট ব্যাটসম্যানদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, রবিবার তার আরেকটা প্রমান দিলেন দক্ষিন আফ্রিকার দুই ওপেনার লুটস বসম্যান ও গ্রায়েম স্মিথ। তাদের ব্যাটিং ঝড়ে ইংল্যান্ডকে ২৪২ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল দক্ষিন আফ্রিকা। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ইংল্যান্ড, মেনে নেয় ৮৪ রানের বিশাল পরাজয়।
দুই ম্যাচ টোয়েন্টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১ রানে হেরেছিল দক্ষিন আফ্রিকা। সেই পরাজয়ের শোধ দ্বিতীয় ম্যাচে কড়ায়-গন্ডায় তুলে নিল তারা।
প্রতি ওভারে গড়ে ১২-র বেশি রান তুলে দুই ওপেনার যখন বিচ্ছিন্ন হন, দক্ষিন আফ্রিকার রান তখন ১৭০। টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের যেকোন উইকেট জুটিতে এটাই সবচেয়ে বড় রানের পার্টনারশীপ। দুজন মিলে ছক্কা মেরেছেন ১৫টি, আর মাঠ ঘেষে বল বাইরে পাঠিয়েছেন ১২ বার। তাদের ব্যাটিং দেখে এক সময় মনে হচ্ছিল কেনিয়ার বিপক্ষে করা লঙ্কানদের ২৬০ রানের বিশ্ব রেকর্ড ছাড়িয়ে যাবে আফ্রিকানরা। শেষ পর্যন্ত তা না হলেও টোয়েন্টি টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তারা ঠিকই সংগ্রহ করেছে, ৬ উইকেটে ২৪১। বসম্যান ও স্মিথ দু'জনেই একটুর জন্য শঁতক হাতছাড়া করেছেন। স্মিথ ৪৪ বলে ৮৮ রান এবং বসম্যান ৪৫ বলে ৯৪ রান সংগ্রহ করেন। সবচেয়ে বড় ঝড় গিয়েছে সাজিদ মাহমুদের উপর দিয়ে। ৪ ওভারে ৬১ রান দিয়েছেন তিনি !
২৪২ রানের বিশাল লক্ষ্যমাত্রায় খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারান ইংল্যান্ড শেষ পর্যন্ত ১৫৭ রানের বেশি তুলতে পারেনি। জোনাথন ট্রট করেন সর্বোচ্চ ৫১ রান। ডেল স্টেইন ও অ্যালবি মরকেল ২টি করে উইকেট সংগ্রহ করেন।
লুটস বসম্যান ৯৪ রানের ইনিংসটির জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১২০৪ঘ.
bdnews24