২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে ধোনির আহ্বান

এপ্রিলে নিউজিল্যান্ড সফরের পর থেকে ভারত কোনো টেস্ট ম্যাচ খেলেনি। তবে একদিনের আন্তর্জাতিক ও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বেশ কয়েকটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

আহমেদাবাদ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এপ্রিলে নিউজিল্যান্ড সফরের পর থেকে ভারত কোনো টেস্ট ম্যাচ খেলেনি। তবে একদিনের আন্তর্জাতিক ও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বেশ কয়েকটি। তাই দলের সদস্যদের প্রতি টেস্ট ক্রিকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যাতে শ্রীলঙ্কার সঙ্গে অপরাজিত থাকার রেকর্ড ভাঙা সম্ভব না হয়। যদিও শ্রীলঙ্কা দলের সব সদস্যই ভারতের মাটিতে ভারতকে হারাতে বদ্ধপরিকর। অধিনায়ক কুমার সাঙ্গাকারাসহ কয়েকজন খেলোয়াড় তা বলেছেনও খোলামেলাভাবে। ধোনি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, "বেশ কয়েকটি একদিনের ম্যাচ খেলেছি বলেই এখন আমাদের চিন্তাধারা পাল্টানো দরকার। নিউজিল্যান্ডের সঙ্গে খেলার পর এই প্রথম আমরা টেস্ট খেলতে মাঠে নামছি। তাই আমাদের একটু ভিন্নভাবে পরিকল্পনা করতে হবে।" সব টেস্ট ম্যাচে পরাজয় এড়াতে পারলে ইতিহাস রক্ষা করাও সম্ভব হবে বলে মনে করেন ভারত অধিনয়াক। ভারতের মাটিতে শ্রীলঙ্কার সাফল্য বলতে গেলে নেই। গত ২৮ বছরে ১৪টি টেস্টের একটিতেও ভারতকে হারাতে পারেনি তারা। তাই এবার ভারত সফরে টেস্ট সিরিজ জিততে মরিয়া হয়ে উঠেছে শ্রীলঙ্কা। টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক উইকেট শিকারি মুত্তিয়া মুরালিধরন তো জানিয়েই দিয়েছেন, ভারতের মাটিতে ভারতকে হারানোই তার লক্ষ্য। ভারত সফরে শ্রীলঙ্কা তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে সোমবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১২৩ ঘ.