ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচ জেমি সিডন্সকে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত রেখে দেয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই। দ্বিতীয় মেয়াদে আরো দুই বছরের জন্য চুক্তি হবে এই অস্ট্রেলীয়র সঙ্গে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ারদিন শনিবার সুযোগ সুবিধা নিয়ে দুই পক্ষই আলোচনা সেরে নিয়েছে। এখন শুধু কার্যনির্বাহী কমিটির অনুমোদনের অপেক্ষা। কমিটির সভা হবে ২৩ নভেম্বর।
কোচ জেমি সিডন্সের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে শনিবারই। ২০০৭ সালের ১৪ নভেম্বর তার সঙ্গে চুক্তি হয় দু'বছরের জন্য। এই চুক্তির মেয়াদ যেখানে শেষ হয়েছে, নতুন চুক্তি সেখান থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। তিনি বলেন, "কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নেয়া হয়েছে। চাকরি-বিধি এবং সুযোগ-সুবিধার দিকটি খতিয়ে দেখা বাকি ছিল। কোচের সঙ্গে আলোচনা করে তাও সেরে নিয়েছি। এখন বোর্ডের অনুমোদন পেলেই আনুষ্ঠানিক চুক্তি করা হবে।"
এনায়েত হোসেন বলেন, দ্বিতীয় মেয়াদে জেমি সিডন্সের জন্য কিছু সুযোগ সুবিধা বাড়ানো হবে। তবে খুব বেশি কিছু নয়। কি ধরণের সুযোগ বাড়ানো হবে তা জানাতে অবশ্য অপারগতা প্রকাশ করেন তিনি।
চাকরি-বিধি, অনুযায়ী তিন মাসের নটিশ দিয়ে চাকরি ছাড়তে পারবেন কোচ। একই শর্ত বিসিবির বেলাতেও প্রযোজ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮১১ঘ.
bdnews24