২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকওয়ার্থ-লুইস আইনে ১ রানে হারল দক্ষিণ আফ্রিকা

দুর্দান্ত খেলেও দুই ম্যাচ টোয়েন্টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস আইনে ১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 06:35 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

জোহানেসবার্গ, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্দান্ত খেলেও দুই ম্যাচ টোয়েন্টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস আইনে ১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির কারণে যখন খেলা থেমে যায়, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার রান তখন ৩ উইকেটে ১২৭। ডাকওয়ার্থ-লুইস আইনে ওই সময় প্রোটিয়াসদের প্রয়োজন ছিল ১২৮ রান ! এরপর খেলা আর শুরু না হওয়ায় ১ রানে জিতে যায় ইংল্যান্ড। এমন পরাজয়ে নিজেদের তাই দুর্ভাগা ভাবতেই পারেন গ্রায়েম স্মিথ। টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান স্মিথ। প্রথম বলেই জো ডেনলিকে আউট করে মাঠ ভর্তি সমর্থকদের উল্লাসে মেতে ওঠার সুযোগ করে দেন চার্ল ল্যাঙ্গারভেল্ট। ২৫ রানে আরেক ওপেনার অ্যালিস্টার কুককে বিদায় করে দেন রায়ান ম্যাকলারেন। জোনাথন ট্রট ও অধিনায়ক পল কলিংউডের ৪৬ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। দলীয় ৬১ রানে ট্রট আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে আসা ইওন মরগ্যানকে নিয়ে অনুপম ব্যাটিং প্রদর্শনীতে মেতে ওঠেন কলিংউড। মাত্র ৯.১ ওভারে ৯৮ রানের জুটি গড়ে তোলেন তারা। ১০ রানের ব্যবধানে কলিংউড, রাইট ও প্রিয়র আউট হয়ে গেলেও মরগ্যানের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ২০২ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে ৪৫ বলে ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন মরগ্যান। তার ইনিংসটি ৭টি চার ও ৫টি ছয় দিয়ে সাজানো ছিল । কলিংউড করেন ৩২ বলে ৫৭ রান। ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় দারুণ। ৮.৩ ওভারে দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও লুটস বসম্যান তোলেন ৯৭ রান। কিন্তু ১৫ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যাওয়াতেই হয়তো কিছুটা ধীরে সুস্থে খেলছিলেন এবি ডি ভিলিয়ার্স ও অ্যালবি মরকেল। জেমস অ্যান্ডারসনের ১৩তম ওভারে মাত্র ছয়টি রান তোলেন তারা। স্কোর গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ১২৭ রান। এরপর বৃষ্টি শুরু হওয়ায় খেলা থেমে যায়। বৃষ্টির জন্য আর খেলা না হওয়ায় ১ রানের পরাজয় মেনে নিতে হয় প্রোটিয়াসদের। দক্ষিণ আফ্রিকার পক্ষে বসম্যান ৩১ বলে ৫৮ রান করেন, অধিনায়ক স্মিথ করেন ২৩ বলে ৪১ রান। অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন মরগ্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২০০ ঘ.