নয়া দিল্লী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের সিকে নাইডু পুরস্কারের জন্য বেছে নেয়া হয়েছে ভারতের সাবেক অল-রাউন্ডার মহিন্দর অমরনাথকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সবচেয়ে মর্যাদাবান এই পুরস্কারটি সাধারণত সাবেক ক্রিকেটারদেরই দেয়া হয়।
এ মাসের শেষের দিকে বাংলাদেশের সাবেক এই কোচকে এ পুরস্কার হিসেবে একটি ট্রফি ও ১৫ লাখ রুপী দেয়া হবে।
জিমি অমরনাথ নামেও পরিচিত এই সাবেক ক্রিকেটার ৬৯ টেস্টে ৪২.৫০ গড়ে ৪,৩৭৮ রান করেন। স্লো মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট নেন ৩২টি। এছাড়া ৮৫টি একদিনের ম্যাচে ৩০.৫৩ গড়ে ১,৯২৪ রান করেন অমরনাথ, ৪৬টি উইকেটও পেয়েছেন সেখানে। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ভারতকে ১৯৮৩-র বিশ্বকাপ জেতানো। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০২৬ ঘ.
bdnews24