২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

সকালের শিশির ভেজা হাল্কা স্যাতস্যাতে পিচে ভয়ঙ্কর আকার ধারণ করেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী বোলার ডোগ বোলিংগার ও মিচেল জনসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 09:30 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

গৌহাটি, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - সকালের শিশির ভেজা হাল্কা স্যাতস্যাতে পিচে ভয়ঙ্কর আকার ধারণ করেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী বোলার ডোগ বোলিংগার ও মিচেল জনসন। বিশেষ করে, বোলিংগার পাঁচ উইকেট নেয়ায় ৪৮ ওভারেই ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৭০ রানে। ১৭১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ছয় উইকেটে। ১৭২ রান করে তারা চার উইকেটে। তখনও হাতে ছিল ৮ ওভার ১ বল। সেই সঙ্গে অস্ট্রেলিয়া এক ম্যাচ বাকি থাকতেই ৪-২ এ সিরিজ জিতে নিল। গৌহাটিতে রোববার সাত ম্যাচের সিরিজের ষষ্ঠ ম্যাচে টস জিতে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ২৭ রানে পাঁচ উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। এই লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া উদ্বোধনী ব্যাটসম্যান শন মার্শের (৬) উইকেট হারায় ২৪ রানে। এরপর অপর উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও অধিনায়ক রিকি পন্টিং ৬১ রানের জুটি বেঁধে দলকে এগিয়ে নেন অনেকখানি। কিন্তু ৮৫ ও ৯০ রানে ওয়াটসন ও পন্টিং বিদায় নিলে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। এখন সেই চাপ থেকে ৫৩ রানের জুটি বেঁধে দলকে বের করে আনেন ক্যামেরোন হোয়াইট ও মাইক হাসি। হোয়াইট ২৫ রানে আউট হলেও হাসি অপরাজিত থাকেন ৩৫ রানে। শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ব্যাট করে ওয়াটসন ৪৯ বলে ৪৯ রান করেন। আর পন্টিং ব্যাট করেন তার স্বভাববিরোধী রক্ষণাত্মক ভঙ্গীতে। ৫৭ বলে করেন ২৫। উইকেট দুটিই নেন হরভজন সিং। এছাড়া একটি করে উইকেট নেন সুরেশ রাইনা ও মুনাফ প্যাটেল। এর আগে শিশির ভেজা পিচে ভয়ংকর রুপ ধারণ করেন মিচেল জনসন ও ডোগ বোলিংগার। ২৭ রানের মধ্যে বীরেন্দর শেবাগ (৬), গৌতম গম্ভির (০), শচীন টেন্ডুলকার (১০), যুবরাজ সিং (৬) ও সুরেশ রাইনাকে (০) ফিরিয়ে দিয়ে একেবারে খাদে ফেলে দেন ভারতকে। এর মধ্যে শেবাগ, গম্ভির ও রাইনার উইকেট নেন মিচেল জনসন। ৯ ওভার বল করে রান দেন তিনি ৩৯। আর টেন্ডুলকার ও যুবরাজ সিং-এর উইকেট নেন বোলিংগার। সেই অবস্থায় মনে হচ্ছিল ভারতের ইনিংস এক শ'র আগেই থেমে যেতে পারে। কিন্তু খাদ থেকে প্রথমে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২৪) ও পরে প্রবিন কুমারের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে তোলেন রবীন্দ্র জাদেজা। উইকেট আগলে খেলে তিনি ১০৩ বলে ৫৭ রান করেন। তবে অসি বোলারদের ওপর রীতিমতো চড়াও হন প্রবিন কুমার। ৫৪ করেন তিনি ৫১ বলে। মারেন সাতটি চার ও একটি ছক্কা। তাদের মধ্যে ধোনি ও জাদেজার উইকেট নেন বোলিংগার। পরে হরভজন সিংয়ের উইকেটটিও তিনি তুলে নেন। পাঁচ উইকেট নিতে বোলিংগার খরচ করেন দশ ওভারে ৩৫ রান। এছাড়া অপর দু'টি উইকেট নেন শেন ওয়াটসন। ম্যাচ সেরার পুরস্কার পান ডোগ বোলিংগার। সিরিজের সপ্তম ম্যাচটি হবে ১১ নভেম্বর মুম্বাইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১১ ঘ.