গৌহাটি, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- রবীন্দ্র জাদেজা (৫৭) এবং প্রবীণ কুমারের (৫৪) ব্যাটিং দৃঢ়তায় ভারত শেষপর্যন্ত ৪৮ ওভারে ১৭০ রান করেছে ।
রোববার গৌহাটিতে অনুষ্ঠানরত সিরিজের ষষ্ঠ ম্যাচে মিচেল জনসন এবং ডোগ বোলিংগারের তোপের মুখে মাত্র ৮ ওভারে ২৭ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
গত ম্যাচে ১৭৫ রান করা শচীন টেন্ডুলকার (১০), বীরেন্দ্র শেবাগ (৬), গৌতম গম্ভীর (০), যুবরাজ সিং (৬) ও সুরেশ রায়না (০) রান করে সাজঘরে ফেরেন।
এরপর হাল ধরেন অধিনায়ক ধোনি ও এ আর জাদেজা। কিন্তু ৩১ ওভারে দলীয় ৭৫ রানে বোলিংগার এলবিডব্লিও'র ফাঁদে ফেলেন ধোনিকে। তিনি করেন ২৪ রান। এরপর নেমেই বোল্ড হন হরভজন সিং।
রবীন্দ্র জাদেজার ১০৩ বলে ছয়টি চারে সাজানো ৫৭ রান এবং প্রবীণ কুমারের ৫১ বলে হার না মানা ৫৪ রানের ইনিংসের কল্যাণে ভারত শেষ পর্যন্ত ১০০ রানের গণ্ডি পার হয়।
এর আগে সকালে গৌহাটির নেহেরু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি।
বোলিংগার নিয়েছেন ৩৫ রানে পাঁচটি উইকেট, জনসন ৩৯ রানে তিনটি এবং ক্যামেরন হোয়াইট বাকি দুটি উইকেট তুলে নেন ২৭ রানের বিনিময়ে।
৭ ম্যাচের এ সিরিজে অস্ট্রেলিয়া ৩-২ এ এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএমএইচ/১৪১২ ঘ.
bdnews24