কলকাতা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জন রাইট, রিচার্ড পাইবাস ও ডানকান ফ্লেচারসহ আলোচনা হয়েছিল কয়েকজনের সঙ্গই, তবে শেষমেশ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) -এর কোচ হিসেবে বেছে নিয়েছে ডেভ হোয়াটমোরকে। অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে সৌরভ গাঙ্গুলীকে। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ দেয়া দেয়া হয়েছে, উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে ওয়াসিম আকরামকে। দল ব্যবস্থাপনায় ব্যাপক রদবদলের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
নতুন মৌসুমে বাংলাদেশের এক সময়ের কোচ হোয়াটমোরকে সহায়তা করবেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক, দিল্লীর কোচ বিজয় দাহিয়া। ফিজিওথেরাপিস্ট হিসেবে রয়ে গেছেন অ্যান্ড্রু লিপাস।
টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, এবার কেকেআরের ভাগ্য বদলে দিতে চান তিনি।
গত মৌসুমটা কেকেআরের জন্য ছিল দুঃস্বপ্নের মতো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় সবার নিচে ছিল তাদের নাম।
বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে দলের পক্ষে ক্রিকেট সংক্রান্ত সব সিদ্ধান্ত নেবেন ভারতের ইতিহাসের সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
এদিকে কেকেআরের কোচ হতে পেরে হোয়াটমোর বেশ খুশি, প্রতিক্রিয়ায় বলেছেন, 'আমার প্রধান কাজ হবে দলকে এক সূতোয় গাঁথা। খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক চিন্তা করার মানসিকতা গড়ে তোলা।'
অস্ট্রেলিয়ার বুকাননের স্থলাভিষিক্ত হওয়া এমনিতে খুব বড় চ্যালেঞ্জ। তবে হোয়াটমোর এ চ্যালেঞ্জে জয়ী হবেন এ আশা করতেই পারে কেকেআর। কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু সাফল্য আছে হোয়াটমোরের। সবার আগে বলতে হয় শ্রীলঙ্কাকে ১৯৯৬-র বিশ্বকাপ জেতানো। এর বাইরে স্মরণ করা যায় ২০০৭ বিশ্বকাপের কথা, সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। তখন ডেভ হোয়াটমোরই ছিলেন বাংলাদেশের কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯২৩ ঘ.
bdnews24