২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশংসায় ভাসছেন নাঈম

পুরস্কার বিতরণী শেষ, সাজঘরে ফিরছিলেন কোচ জেমি সিডন্স, ঠিক তখনই তার কাছে জয়ের অনুভূতি জানতে চাইলে বলেন,"খুবই মানসিক চাপে ছিলাম, তবে ম্যাচটা খুব উপভোগ করেছি। দারুণ একটা ম্যাচ। নাঈমের প্রশংসা না করলেই নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরস্কার বিতরণী শেষ, সাজঘরে ফিরছিলেন কোচ জেমি সিডন্স, ঠিক তখনই তার কাছে জয়ের অনুভূতি জানতে চাইলে বলেন,"খুবই মানসিক চাপে ছিলাম, তবে ম্যাচটা খুব উপভোগ করেছি। দারুণ একটা ম্যাচ। নাঈমের প্রশংসা না করলেই নয়।" চার বাউন্ডারি ও ৪ ছক্কা মিলিয়ে ক্যারিয়ার সেরা ৭৩ রান তুলে দেশকে অসাধরণ এক জয় উপহার দিয়েছেন নাঈম ইসলাম। ক্রিকেট অনুরাগী আর দর্শকদের দিয়েছেন উৎসবের উপলক্ষ। এমন অসাধারণ ইনিংস খেলেই তো জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের সেঞ্চুরিকেও আড়াল করে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। এরপরও জয়ের আনন্দ প্রকাশে বাড়াবাড়ি ছিলো না। বরং ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা শুনে মনে হয়েছে আবেগ মাঠেই রেখে এসেছেন বাঁ-হাতি স্পিনার। বলেন,"রিয়াদ যখন আউট হয়েছে তখন খুব কষ্ট পেয়েছি। এরপর ব্যাট করার সময় একবারও ভাবিনি ম্যাচ কোন দিকে যাবে। লক্ষ্য ছিলো শেষ পর্যন্ত টিকে থাকার। তাই হয়েছে। সহজ শটগুলো খেলে রান তুলেছি।" জিম্বাবুয়ের বোলিং তোপে বাংলাদেশের জয়ের সম্ভাবনা যখন নিভুনিভু, ঠিক তখনই জ্বলে ওঠেন নাঈম। দলকে এনে দেন জয়। দলনেতা হিসেবে সাকিব আল হাসান পারলে ম্যাচ জয়ের পুরো কৃতিত্বই নাঈম ইসলামকে দিয়ে দেন। তার মতে, "অসাধারণ একটি ইনিংস খেলেছেন নাঈম ভাই। সপ্তম এবং অষ্টম উইকেটে রিয়াদ এবং নাঈম ভাইদের মত ম্যাচ উইনার আছে বলেই এখন আমরা ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে শুরু করেছি।" সিরিজ ৪-১ এ জয়, এমন সাফল্যের পর তৃপ্তির ঢেকুর তুলছেন না অধিনায়ক সাকিব আল হাসান। উল্টো টপ-অর্ডার এবং মিডল-অর্ডার ব্যাটসম্যানদের ভবিষ্যতে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শই দিলেন। বলেন, "টপ-অর্ডার এবং মিডল-অর্ডার ব্যাটম্যানদের আরো সচেতন হওয়া উচিত। এভাবে খেললে ভারত শ্রীলঙ্কার সামনে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।" সিরিজ শেষে প্রায় সবগুলো ব্যক্তিগত পুরস্কারই জিতে নিয়েছেন স্বাগতিক দলের ক্রিকেটাররা। সবচেয়ে বেশি রান তুলে সেরা ব্যাটসম্যান হয়েছেন সাকিব। পাঁচ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সেরা বোলার আব্দুর রাজ্জাক। সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে। বাঁ-হাতি এই স্পিনারের জন্য গ্রামীণফোন কাপ ওয়ানডে সিরিজে মনে হয় মঙ্গলপ্রদ্বীপ জ্বালিয়ে রেখেছিলেন ভাগ্য দেবি। এমন সাফল্য তার ক্যারিয়ারে এই প্রথম। রাজ্জাকের উচ্ছাস তাই একটু বেশিই হওয়ার কথা। তারপরও চেপে রেখেছেন আবেগ, "সিরিজ সেরা হতে পেরে খুবই ভাল লাগছে। তবে এই সিরিজে কিছু ভুল হয়েছে এগুলো শুধরে নিতে হবে। তা না হলে শ্রীলঙ্কা এবং ভারতের সামনে টিকে থাকা কঠিন হবে।" বাংলাদেশের সাফল্যের দিনে জিম্বাবুয়ে ক্রিকেটারদের কিই বা বালার থাকে। ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা বলেছেনও অল্প কিছু কথা। শেষ ম্যাচে পরাজয়ের কারণ হিসেবে ভাগ্যকেই দুষলেন তিনি, "আমি বলবো বাংলাদেশকে ভাগ্য সহায়তা করেছে। আমাদের বোলিং ঠিকই ছিলো। কিন্তু শেষ দিকে ভাল ব্যাটিং করেছে তারা।" আন্তর্জাতিক ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদই আলাদা। ব্রেন্ডন টেলরের সে আনন্দে জল ঢেলে দিয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা। কষ্টটা লুকাতে পারেননি টেলর, "সেঞ্চুরি পাওয়ার আনন্দই আলাদা। কিন্তু আমরা যে ম্যাচ হেরে গেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২৫ ঘ.