নতুন দিল্লী, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুঃসংবাদের পর দুঃসংবাদ। তালিকাটা এত বড় হয়ে যাচ্ছে যে এ মুহুর্তে রিকি পন্টিংকে যদি প্রশ্ন করা হয়, 'আপনার দলের সবচেয়ে বড় সমস্যা কোনটি?', তাহলে অবধারতিভাবেই উত্তরটা হবে, ' চোটসমস্যা।' এ কারণে আগেই দেশে ফিরে গেছেন ব্রেট লি, উইকেটরক্ষক টিম পেইন, অলরাউন্ডার জেমস হোপস ও পেসার পিটার সিডল। এবার তাদের তালিকায় যুক্ত হলেন আরেক পেসার মইসেসে হেনরিকস। সোমবার মোহালির চতুর্থ একদিনের ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তাই হায়দ্রাবাদে বৃহস্পতিবারের পঞ্চম একদিনের ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে তাকে।
অথচ হেনরিকস ভারতে এসেছেন জেমস হোপস দেশে ফেরার পর। অবশ্য হেনরিকসের চোট কপাল খুলে দিতে পারে স্পিনার জন হল্যান্ড কিংবা ফাস্ট বোলার ক্লিন্ট ম্যাককায়ের। একদিনের ম্যাচে অভিষেক হতে পারে দু'জনের যে কোনো একজনের।
তারপরও দুশ্চিন্তায় থাকতে হবে অধিনায়ক পন্টিংকে। সাত ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার এই ম্যাচে সেরা একাদশ গড়ার জন্য এ মুহুর্তে হাতে পাচ্ছেন মাত্র ১৩ জন খেলোয়াড়!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯২২ ঘ.
bdnews24