২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয় আর সমতা ফেরানোর লড়াই

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট কেমন তা যেন চোখ বন্ধ করেই বলে দিতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা। কোচ জেমি সিডন্সও বলেই দিলেন, চিরাচরিত ব্যাটিং উইকেটই হয়েছে চট্টগ্রামে। টস জিতলে তাদের পছন্দ তাই আগে ব্যাট করা। উইকেট সম্পর্কে স্বাগতিক দলের ক্রিকেটারদের যতটা স্বচ্ছ ধারণা আছে ঠিক ততটাই অন্ধকারে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। চর্মচক্ষু দিয়ে দেখার পর যা বোঝা গেছে তা-ই তাদের অভিজ্ঞতা, কারণ এর আগে এ মাঠে একটি ম্যাচও খেলেনি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট কেমন তা যেন চোখ বন্ধ করেই বলে দিতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা। কোচ জেমি সিডন্সও বলেই দিলেন, চিরাচরিত ব্যাটিং উইকেটই হয়েছে চট্টগ্রামে। টস জিতলে তাদের পছন্দ তাই আগে ব্যাট করা। উইকেট সম্পর্কে স্বাগতিক দলের ক্রিকেটারদের যতটা স্বচ্ছ ধারণা আছে ঠিক ততটাই অন্ধকারে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। চর্মচক্ষু দিয়ে দেখার পর যা বোঝা গেছে তা-ই তাদের অভিজ্ঞতা, কারণ এর আগে এ মাঠে একটি ম্যাচও খেলেনি তারা। এ ম্যাচে আগের একাদশে হাত দিতে চান না জেমি সিডন্স। তৃতীয় ম্যাচের দলটাকেই ধরে রাখার ইচ্ছে তার। বলেনে,"নার্ভাস থাকায় প্রথম ম্যাচটা ভালো খেলেনি এরপর ধারাবাহিক হয়েছে ছেলেরা। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে তো খুবই ভালো খেলছে। এই দলটাকেই খেলাতে চাই।" কোচের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ঠিক থাকলে সোমবার চতুর্থ ম্যাচেও এক পেসার নিয়েই খেলবে বাংলাদেশ। নাজমুলের সঙ্গে বোলিং উদ্বোধন করতে পারেন স্পিনার আব্দুর রাজ্জাক। তবে প্রধান নির্বাচক রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকালে উইকেট দেখার পর আরো একজন পেসার নেয়া হতে পারে। সে ক্ষেত্রে একজন স্পিনার বাদ পড়বেন। এমনিতে এ ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার ব্যাপারে মোটামুটি নিশ্চিত সিডন্স তবে উদ্বোধনী জুটি নিয়ে, বিশেষ করে জুনায়েদ সিদ্দিকীর ব্যর্থতা বেশ ভাবিয়ে তুলছে তাকে,"ছেলেটা কেন যেন বড় ইনিংস খেলতে পারছে না। একটা ভালো ইনিংস খেললেই ও আত্মবিশ্বাস ফিরে পাবে। আগামী ম্যাচে (সোমবার) তার ব্যাট থেকে রান আসা দরকার।" বাকিদের নিয়ে খুব একটা দুর্ভাবনা নেই তার। কারণ, অন্যরা তো মোটামুটি যে যার কাজ করেই যাচ্ছেন। বোলিং নিয়ে অনুযোগের সুযোগ বোলাররা এখনো দেননি। তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম ... ঘুরেফিরে রানের মধ্যেই আছেন। জয়ের জন্য ভালো ব্যাটিংয়ের তো কোনো বিকল্প নেই। তামিম ইকবালও তাই মনে করেন, এ ম্যাচ নিয়েও তার একটাই কথা," আপনি যতই ভালো বল করেন ব্যাটিং খারাপ হলে জিততে পারবেন না। অতএব যারাই ভালো ব্যাট করবে তারাই জিতবে। আমাদের প্রত্যেকেরই উচিৎ বিষয়টি খেয়াল রাখা।" এ ম্যাচে তাদের হার মানেই সিরিজ বাংলাদেশের, তাই সিরিজ বাঁচিয়ে রাখতে সফরকারীরা মরিয়া। এখনো সিরিজ জেতার স্বপ্ন দেখে তারা। বাকি দুটো ম্যাচ জিতলেই তা সম্ভব। মনে-প্রাণে সেটাই চাইছে জিম্বাবুয়ে। গত দু ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা চাইছেন এ ম্যাচে প্রসপার উৎসেয়া মাঠে থেকেই দলকে নেতৃত্ব দেবেন। বললেন,"আশা করি, প্রসপার উৎসেয়া আ্গামীকালের (সোমবার) ম্যাচে খেলবে। অফস্পিনার হিসেবে ও স্বাগতিক ব্যাটসম্যানদের চাপে রাখতে পারবে।" প্রথম ম্যাচেই পায়ে চোট পান প্রসপার উৎসেয়া। সে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। বাকি দুই ম্যাচে দর্শক হয়ে দলের পরাজয় দেখতে হয়েছে তাকে। ফিজিও'র অনুমোতি পেলে এ ম্যাচ খেলবেন তিনি, খেলতে পারেন মার্ক ভার্মুলেনও। তবে উরুর পেশিতে চোট নিয়ে এ ম্যাচেও বিশ্রামেই থাকছেন উইকেটকিপার-ব্যাটসম্যান টাটেন্ডা টাইবু। মঙ্গলবার বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের এ ম্যাচটি শুরু হবে সকাল সকাল সাড়ে নয়টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ১৯৪০ ঘ.