নয়া দিল্লি, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট নিয়ে আগেই দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার আক্রমণের মূল অস্ত্র ব্রেট লি ও উইকেটরক্ষক টিম পেইন। একই কারণে দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচে দর্শকের কাতারে ছিলেন অল-রাউন্ডার জেমস হোপস। যথাযথ চিকিৎসার জন্য এখন তাকেও ফিরে যেতে হচ্ছে দেশে। আর হোপসের বদলে ভারতে আসছেন আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন মুখ সিমার ক্লিন্ট ম্যাককায়।
বরোদায় প্রথম একদিনের ম্যাচে মাত্র দুই ওভার বল করার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান হোপস। বাধ্য হন মাঠ থেকে বেরিয়ে যেতে। আর ফিরতে পারেননি। দলের ফিজিওথেরাপিস্ট কেভিন সিমস বলেছেন, ভারতের বিপক্ষে বাকি ম্যাচগুলো খেলার জন্য জেমস সব ধরনের চেষ্টাই করেছেন। চিকিৎসা কর্মীরা যা বলেছেন তাই করেছেন। কিন্তু তাড়াতাড়ি ও যথাসময়ে সেরে ওঠার সম্ভাবনা নেই। তাই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে দেশে ফেরত পাঠাতে হয়েছে ব্রেট লি ও উইকেটরক্ষক টিম পেইনকে। কনুইয়ে সমস্যার কারণে বরোদায় ছয় ওভারের বেশি বল করতে পারেননি ব্রেট লি। নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে আঙ্গুলে চোট পান টিম পেইন। তার বদলে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয় গ্রাহাম ম্যানুকে।
হোপস ৬৭টি একদিনের ম্যাচে ২৩ দশমিক ৮০ গড়ে রান করেছেন এক হাজার, সর্বোচ্চ অপরাজিত ৬৩। ৩৩ দশমিক ২২ গড়ে উইকেট নিয়েছেন ৫৪টি। সেরা বোলিং ৩০ রানে তিন উইকেট।
সাত ম্যাচের একদিনের সিরিজে ভারত ২-১ এ এগিয়ে আছে। চতুর্থ ম্যাচটি হবে সোমবার মোহালিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৩৩ ঘ
bdnews24