২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

৭২ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৮০ রান করে তামিম ক্রেমারকে উইকেট উপহার দেয়ার পরও মনে হচ্ছিলো খুব সহজেই সিরিজের তৃতীয় ম্যাচটা জিতে যাবে বাংলাদেশ। তামিমের একাদশ ফিফটির পর আশরাফুলও (৬৩) পেলেন ক্যারিয়ারের ১৯ তম ওয়ানডে ফিফটির দেখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭২ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৮০ রান করে তামিম ক্রেমারকে উইকেট উপহার দেয়ার পরও মনে হচ্ছিলো খুব সহজেই সিরিজের তৃতীয় ম্যাচটা জিতে যাবে বাংলাদেশ। তামিমের একাদশ ফিফটির পর আশরাফুলও (৬৩) পেলেন ক্যারিয়ারের ১৯ তম ওয়ানডে ফিফটির দেখা। কিন্তু তার বিদায়ের পরই তড়িঘড়ি ম্যাচ শেষ করতে উইকেট বিলিয়ে এলেন রাকিবুল (২১) আর মাহমুদুল্লাহ (৭)। পরিণামে একটু কঠিন করে শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। জুনায়েদ সিদ্দিকি (৫) আবার ব্যর্থ হওয়ায় ২৪ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে ২৩ দশমিক ৩ ওভারে ২ ১২২ নেয়ার পর আশরাফুলকে ছেড়ে যান তামিম। ৫ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে যেতে তখন দরকার আর ৭৫ রান। সেই ৭৫ করতেই বাংলাদেশের আরো ৪ উইকেট হাওয়া। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিন-রাতের এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে হ্যামিলটন মাসাকাদজা ৭৯ বলে ৮৪ রান করার পরও মাত্র ১৯৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে প্রথম আঘাত হেনেছিলেন, শেষে আরো দু উইকেট নিয়ে লেজ মুড়ে দেয়ার কাজটিও করেন নাজমুল হোসেন। তার ১২ রানে এবং এনামুল জুনিয়রের ৪৫ রানে ৩টি করে উইকেট আর আব্দুর রাজ্জাকের ৪১ রানে ২ উইকেট -- মূলত এই তিনজনের বোলিংয়েই ৪১ দশমিক ১ ওভারে ১৯৬ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ে। টেলরকে ফিরিয়ে নাজমুল শুরুতেই আনন্দের উপলক্ষ এনে দিলেও বাংলাদেশের জন্য শঙ্কা বাড়াচ্ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। ২৭ দশমিক ৩ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ১৪৮। কিন্তু ৭৯ বলে ৮৪ রান করা জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ককে রাকিবুল হাসানের ক্যাচ বানিয়ে শঙ্কাটা দূরে ঠেলেন আব্দুর রাজ্জাক। পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ালারকে (২৭) বোল্ড করে দেয়ায় স্কোর হয়ে যায় ৫ উইকেটে ১৫৪। তারপর মাতসিকেনেরিকে বোল্ড করে রাজ্জাক দ্বিতীয় সাফল্য পেয়ে যাওয়ায় কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। শুরুর আঘাত সামলে জিম্বাবুয়ে একসময় বেশ বড় স্কোরের স্বপ্নই দেখছিল মাসাকাদজা-কভেন্ট্রির ৭১ রানের দ্বিতীয় উইকেট জুটির কল্যাণে। ৭১ রান ওঠে মাত্র ১০ দশমিক ৩ ওভারে। ২৯ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৯ রান করা কভেন্ট্রিকে নাঈম ইসলামের আর ঠিক তিন বল পরে মুতিজওয়াকেও এনামুল জুনিয়র মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ বানানোয় জিম্বাবুয়ের ইনিংস পথ হারাতে থাকে। আশার আলো হয়ে জ্বলছিলেন মাসাকাদজা। তার বিদায়ের পর ম্যাচ চলে যায় বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রনে। মাত্র ৪৮ রানে শেষ ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। স্কোয়াড: বাংলাদেশ: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান (অধিনায়ক), রাকিবুল হাসান, মুশফিুকর রহিম, মাহমুদ উল্লাহ, নাইম ইসলাম, এনামুল জুনিয়র, আব্দুর রাজ্জাক ও নাজমুল হোসেন। জিম্বাবুয়ে: মাসাকাদজা, চিবাবা, টেইলর, কভেন্ট্রি, মাতসিকেনেরি, চিগুম্বুরা, মুতিজওয়া, ওয়ালার, ক্রেমার, প্রাইস, ও জার্ভিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০৫৭ ঘ.