নয়া দিল্লী, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাত ম্যাচের সিরিজে সমতা ফিরেছে দ্বিতীয় ম্যাচে ৯৯ রানে হারায়। সেই ম্যাচের মতো শনিবার সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচেও অস্ট্রেলিয়াকে ভারতের বিপক্ষে নামতে হবে বড় এক দুশ্চিন্তা নিয়ে। চোট সমস্যার জন্য খেলতে পারছেন না ব্রেট লি। অধিনায়ক রিকি পন্টিং এ ম্যাচে অলরাউন্ডার জেমস হোপসকেও পাচ্ছেন না একই কারণে।
কনুইয়ের সমস্যা এখনো সারেনি ব্রেট লির আর হোপস ভুগছেন হ্যামস্ট্রিং সমস্যায়। এ অবস্থায় শনিবার দিল্লিতে অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ম্যাচে যে এ দুজন খেলতে পারছেন না তা নিশ্চিত করেছেন পন্টিং নিজেই, 'লি ও হোপস শনিবার খেলছে না। লি শুক্রবার অনুশীলন করেছে। দেখে মনে হচ্ছিল ও ৮৫% ফিট। তবে কনুইয়ের ব্যাথা এখনো কিছুটা রয়ে গেছে। হোপসও সম্ভাবত মোহালীতে খেলতে পারবে।'
নাগপুরে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় আঙ্গুলে চোট পান উইকেটরক্ষক টিম পেইন। তার অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন গ্রাহাম ম্যানু। তৃতীয় ম্যাচের আগেই ম্যানুর দিল্লিতে পৌঁছানোর কথা।
এদিকে টিম পেইন না থাকায় অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধন করতে পারেন শন মার্শ।
তো প্রথম ম্যাচ ৪ রানে জিতলেও পরেরটিতে মহেন্দ্র সিং ধোনিদের ব্যাটিং তাণ্ডবে নাজেহাল হয়ে ৯৯ রানে হারা অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচে ব্রেট লি, জেমস হোপস এবং টিম পেইনকে পাচ্ছে না। ভারতীয় দলে কিন্তু সেরকম কোনো চোট সমস্যার খবর পাওয়া যায়নি। সুতরাং আগের ম্যাচে এমন জয়ের পর প্রতিপক্ষের চোটসমস্যায় কাহিল হওয়ার বিষয়টি আত্মবিশ্বাস আরো বাড়াতেই পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯০৬ ঘ.
bdnews24