ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৬৯ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো অপরাজিত ১০৫ রানের ঝড় -- সাকিব আল হাসানের এমন এক ইনিংসও ম্লান করে দিলো আরেকটি অর্জণ। আব্দুর রাজ্জাকের ক্যারিয়ার সেরা বোলিং .... ২৯ রানে ৫ উইকেট! হ্যাঁ, এর মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল জয় দিয়ে সিরিজে সমতা ফেরানোর ভিত, সাকিবের দুর্দান্ত সেঞ্চুরিও তাই ম্লান, তাই ম্যাচ সেরার পুরস্কারটাও আব্দুর রাজ্জাকের।
দলের সাফল্য, তাতে নিজের সেরা বোলিং এবং তার স্বীকৃতি --- ম্যাচ শেষে রাজ্জাকের কন্ঠে তাই পাওয়া গেল সব পাওয়ার আনন্দ, বললেন, "সিরিজের শুরুতে যতটা চাপে ছিলাম এখন ঠিক ততটাই হালকা লাগছে। সিরিজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের সেরা বোলিং করতে পেরে ভালো লাগছে। এটাই ধরে রাখার চেষ্টা করবো।" সিরিজের প্রথম ম্যাচেই কিন্তু জ্বলে উঠেছিলেন রাজ্জাক। কিন্তু বাংলাদেশ হেরে যাওয়ায় সেই পারফরম্যান্স থেকে যায় আলোচনার বাইরে। দ্বিতীয় ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়া হলো। এবার আরো এগিয়ে যাওয়ার পালা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৩৫৭ ঘ.
bdnews24