ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক সাকিব আল হাসানের অর্ধশতকের সুবাদে বাংলাদেশ জয়ের পথে এগিয়ে চলেছে। ২৩ ওভারে রান তুলেছে তিন উইকেটে ১৫৯।
উদ্বোধন করতে নেমেই ঝড় তোলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। মাত্র তিন ওভার পাঁচ বলে ৪৪ রান তুলে আউট হন জুনায়েদ সিদ্দিকী। এলটন চিগুম্বুরার বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে মাত্র ১২ বলে ২৩ রান করেন তিনি। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল করেন ১৯ বলে ২৬। ৫৬ রানে তামিম ও চিগুম্বুরার বলে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিদায় নেওয়ার পর ইনিংসের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও রকিবুল হাসান।
সাকিব ৪৫ বলে ৫৬ রান করে অপরাজিত রয়েছেন। ৩০ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন রকিবুল হাসান।
এর আগে আক্ষরিক অর্থেই বাংলাদেশের স্পিনারদের মোটেও খেলতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। বিশেষ করে, আব্দুর রাজ্জাকে। তার ক্যরিয়ার সেরা পাঁচ উইকেটে পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি জিম্বাবুয়ে। ৪৭ ওভার ২ বলে ২১৯ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে অনায়াসেই বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন মাসাকাদজা আর চিবাবা। কিন্তু স্কোর যখন ৫৯ তখনই মাসাকাদজাকে (৩১ বলে ৩৪) এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাঈম ইসলাম। তারপর টেলরের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে তোলেন চিবাবা। ওই ৯৬ রানেই একে একে ফিরে যেতে হয় চিবাবা (৩৯), টেলর (২১) ও কভেন্ট্রিকেও (০)। ১ উইকেটে ৯৬ থেকে দেখতে দেখতেই স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৯৬! চিবাবাকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তারপরই আব্দুর রাজ্জাকের জোড়া আঘাত। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে অবশ্য বিপদ অনেকটাই সামলে নিয়েছে জিম্বাবুয়ে। টাইবুর সঙ্গে মিলে দলকে ৩৪ রান এনে দেয়ার পর আশরাফুলের দ্বিতীয় শিকার হন কভেন্ট্রি। ষষ্ঠ উইকেটে ওয়ালার-টাইবু জুটি তুলেছে ৫৪ রান। টাইবুকে ফিরিয়ে জুটি ভেঙ্গেছেন নাঈম ইসলাম।
আব্দুর রাজ্জাক ৯ ওভার দুই বলে ২৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন। দ্বিতীয় স্পেলে তিনি ম্যলকম ওয়ালার ও গ্রায়েম ক্রিমারকে বোল্ড ও এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন কাইল জার্ভিসকে। এছাড়া দু'টি করে উইকেট নেন মোহাম্মদ আশরাফুল ও নাঈম ইসলাম। অন্য উইকেটটি নেন অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে আব্দুর রাজ্জাকের সেরা বোলিং ছিল ৩৩ রানে পাঁচ উইকেট।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত দ্বিতীয় ম্যাচে দু দলেই এসেছে একটি করে পরিবর্তন। নিয়মিত অধিনায়ক প্রসপার উৎসেয়া খেলতে পারছেন না বলে আজ জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন মাসাকাদজা। উৎসেয়ার জায়গায় সুযোগ দেয়া হয়েছে ম্যালকম ওয়ালারকে। এদিকে পেসার রুবেল হোসেনের জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন।
স্কোয়াড:
বাংলাদেশ: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, নাজমুল হোসেন।
জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চামু চিবাবা, ব্রেন্ডন টেইলর, টাটেন্ডা টাইবু, চার্লস কভেন্ট্রি, স্টুয়ার্টস মাৎসিকেনেরি, এলটন চিগুম্বুরা, গ্রায়েম ক্রেমার, ম্যালকম ওয়ালার, রে প্রাইস, কাইল জার্ভিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/এসি/২০৪১ ঘ.
bdnews24