লন্ডন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কোর ১১১ হলেই স্থূল দেহটি লাফিয়ে উঠতো। আউট-চার-ছয়ের বাইরেও এভাবে 'নেলসন' নির্দেশ করেই ক্রিকেট মাঠে বেশি নজর কেড়েছিলেন ডেভিড শেফার্ড। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে এক সময়ের অতি চেনা এবং জনপ্রিয় এই ইংলিশ আম্পায়ার আর নেই! ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে অবশেষে হার মেনেছেন ৬৮ বছর বয়সে। বুধবার গ্লস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে এ খবর।
১৯৮৩ থেকে শুরু করে মোট ৯২টি টেস্ট এবং ১৭২টি ওয়ানডে পরিচালনার পর ২০০৫ সালে আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শেফার্ড। এই ২২ বছরে ছয়টি বিশ্বকাপ আসর এবং তার মধ্যে আবার টানা তিন আসরের ফাইনালকেও (১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩) সপ্রতিভ উপস্থিতিতে স্মরণীয় করে রেখেছেন তিনি। আম্পায়ার হওয়ার আগে ছিলেন পুরোদস্তুর ক্রিকেটার। গ্লস্টারশায়ারের হয়েই খেলেছেন ১৪ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১১৩০ ঘ.
bdnews24